ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, হাসারাঙ্গার জায়গায় দলে লক্ষ্ণৌ নিতে পারে সাউথ আফ্রিকার বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডেকে। ৩২ বছর বয়সী এই স্পিনার এখনো আইপিএলে অভিষেকের অপেক্ষায়। এর আগে আইপিএলে খেলার কোনো অভিজ্ঞতা নেই তার।
লিন্ডে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে একটি দ্বিপক্ষীক সিরিজে। সেখানে চার ইনিংসে একটি উইকেট পেয়েছিলেন তিনি। যদিও গত এক বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপসহ এসএ টোয়েন্টি, দ্য হান্ড্রেড, মেজর লিগ ক্রিকেট ও পিএসএলের মতো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলেছেন এই স্পিনার। এখন পর্যন্ত ২৫০টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর উইকেটসংখ্যা ২১৮, ইকোনমি রেট ৭.৪২।
ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ চলাকালে হাসারাঙ্গার চোট নিয়ে মুডি বলেন, ‘হাসারাঙ্গা আমাদের সঙ্গে যোগ দিতে পারছে না—এটা মেনে নিয়েই আমরা পরিকল্পনা করছি। আমরা বিকল্প খুঁজছি এবং খুব শিগগিরই সেটি জানানো হবে।’
গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান হাসারাঙ্গা। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। একই সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় অংশ নিতে না পারায় আইপিএলে খেলার ছাড়পত্রও পাননি। গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএলের নিলামে ২ কোটি রুপিতে হাসারাঙ্গাকে দলে নেয় লক্ষ্ণৌ।
এর আগে তিনি রাজস্থান রয়্যালস এবং ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। হাসারাঙ্গা না থাকলেও লক্ষ্ণৌয়ের বোলিং ইউনিট দারুণ ছন্দে আছে। স্পিন বিভাগে দিগভেশ রাঠি, এম সিদ্ধার্থ ও শাহবাজ আহমেদ দায়িত্ব সামলাচ্ছেন। চোটের কারণে প্রথম ম্যাচের পর আর খেলতে পারেননি পেসার মহসিন খান। তার অবস্থা নিয়ে মুডি জানান, শরীরে কিছুটা জড়তা রয়েছে।