এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হতে পারে ডিপিএল

ডিপিএল
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর বিসিবির সঙ্গে ক্লাবের অচলাবস্থা কেটে গেছে। তামিম ইকবালের এডহক কমিটির অধীনে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে রাজি হয়েছেন ক্লাব সংগঠকরা। আগামী ২২ থেকে ২৫ এপ্রিলের মধ্যে ডিপিএল শুরু করতে চায় বিসিবি। তবে নিউজিল্যান্ড সিরিজের জন্য ৫মে থেকে ডিপিএল চান ক্লাব সংগঠকরা। আগামী ১৩ এপ্রিল আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচনের সময়ই ঢাকার ক্লাব সংগঠকরা আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের অধীনে সব ধরনের ক্রিকেট বর্জন করেছিলেন। সবশেষ কয়েক মাসে নিজেদের অবস্থান থেকে সরে আসেননি তাদের কেউ। বুলবুলের বিসিবিও তাদেরকে লিগ খেলতে রাজি করাতে পারেনি। এমন অচলাবস্থার কারণে মার্চ পেরিয়ে এপ্রিলের সপ্তাহখানেক পার হলেও মাঠে গড়ায়নি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।

কয়েক দিন আগে নির্বাচনের অনিয়ম ও দূর্বলতা খুঁজে পেয়ে বুলবুলের বোর্ডকে ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তিন মাসের জন্য বিসিবির দায়িত্ব নিয়েছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যবিশিষ্ট এডহক কমিটি। দায়িত্ব নেওয়ার তৃতীয় দিনেই ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন বিসিবি বস। মিরপুরে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের ১০টি ক্লাবের সঙ্গে আলোচনা করেছেন তিনি।

আবাহনী, মোহামেডানের ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও ছিলেন না লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের কেউ। তবে বাকি ক্লাব সংগঠকদের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছে বিসিবি। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২-২৫ এপ্রিলের মধ্যে ডিপিএল শুরু করতে চায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে ক্লাবের চাওয়া ৫মে থেকে যেন টুর্নামেন্ট শুরু হয়।

তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে চলতি মাসে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড। সিরিজটি শেষ হবে আগামী ২ মে। সিরিজ চলাকালীন লিগ শুরু হলে জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে না। সেই ভাবনা থেকেই মে মাসে ডিপিএল শুরুর আহ্বান জানিয়েছেন তারা। জানা গেছে, আগামী ১৩ এপ্রিল (সোমবার) আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।

দুই লেগে ডিপিএল হলেও এবারের টুর্নামেন্ট হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। এক মাসের বেশি সময় নষ্ট হওয়ার কারণে সুপার লিগ রাখছে না বিসিবি। অর্থাৎ প্রতিটি ক্লাব গ্রুপ পর্বে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। ১১ রাউন্ড শেষে যারা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তারাই চ্যাম্পিয়ন হবে।

এ প্রসঙ্গে হান্নান সরকার বলেন, ‘বড় সিদ্ধান্ত যেটা হয়েছে, আমরা ক্লাব প্রতিনিধিরা ছিলাম আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। সাধারণত ডিপিএলে আমরা সুপার লিগ খেলে অভ্যস্ত, এটা একটা বড় সিদ্ধান্ত ছিল। সাধারণত আমরা সুপার লিগের মাধ্যমে চ্যাম্পিয়নশিপ নির্ধারণ করি। এবার আমরা সিঙ্গেল লিগে যাচ্ছি, ১১টা লিগ ম্যাচ হয় সেই ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়নশিপটা নির্ধারণ হবে। এটাতে আমাদের সব ক্লাব একমত হয়েছে। কারণ আপনারা জানেন আমাদের মৌসুমটা এমন একটা জায়গায় চলে এসেছে এখানে বৃষ্টি একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।’

এবারের ডিপিএলে বাড়ানো হতে পারে ভেন্যুর সংখ্যা। সবশেষ কয়েক বছরে বিকেএসপির সঙ্গে মিরপুরে হয়েছে ডিপিএল। এপ্রিলের শেষ সপ্তাহে হতে যাওয়া টুর্নামেন্টে অবশ্য ছয়টি ভেন্যু রাখার প্রস্তাব দিয়েছেন ক্লাব সংগঠকরা। যেখানে নতুন করে যুক্ত হতে পারে পিকেএসপি, বসুন্ধরা গ্রাউন্ড, ক্রিকেটার্স একাডেমি ও সিলিকন ভ্যালি। যদিও কোন কোন ভেন্যুতে খেলা হবে সেটা এখনো চূড়ান্ত নয়।

ধানমন্ডি ক্লাবের প্রতিনিধি এ আর মল্লিক রনি বলেন, ‘আমরা এ বছর চেয়েছি যাতে একসাথে ছয়টি মাঠে খেলা হয়। যাতে আমাদের পরের দিন তিনটা ম্যাচ, তারপর দিন আবার তিনটা ম্যাচ না হয়ে একসাথে যেন ছয়টা ম্যাচ হয়। আর পরের দিন যাতে রিজার্ভ ডে থাকে। সেটা তারা বিবেচনা করছে ছয়টা মাঠ নেওয়ার জন্য।’

বৃষ্টির মৌসুম হওয়ায় রিজার্ভ ডে রাখার কথা ভাবছে বিসিবি। এপ্রিল-মে মাসে প্রচণ্ড গরম থাকায় মাঠে আইসিইউ সাপোর্ট অ্যাম্বুলেন্স রাখার সিদ্ধান্ত নিয়েছে তামিমের বোর্ড। পাশাপাশি এবারের ডিপিএলেও দেখা যাবে না বিদেশি ক্রিকেটার। ডলার সংকট ও ক্লাবের চাওয়ায় গত কয়েক মৌসুমে ডিপিএলে খেলতে দেখা যায়নি বিদেশি ক্রিকেটারদের।

আরো পড়ুন: