‘ম্যাচ উইনার’ স্যামসনকে চিন্তা নেই চেন্নাইয়ের

আইপিএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলের নতুন মৌসুমে শুরুটা ভালো হয়নি সাঞ্জু স্যামসনের। রাজস্থান রয়্যালসের পর পাঞ্জাব কিংসের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। টানা দুই ম্যাচে ব্যর্থ হলেও স্যামসনের উপর থেকে বিশ্বাস হারাতে চান না স্টিভেন ফ্লেমিং। চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ জানিয়েছেন, ম্যাচ উইনার স্যামসনকে নিয়ে চিন্তার কিছু নেই।

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে সাড়ে চার হাজারের বেশি রান করা স্যামসন ক্যারিয়ার জুড়েই জাতীয় দলে থিতু হতে পারছিলেন না। ৩১ বছর বয়সে এসে সেই আক্ষেপ ঘুচেছে তার। ঘরের মাঠে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা পালন করেন এই ব্যাটার। টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন। আইপিএলে বরাবরই সফল স্যামসনকে ঘিরে তাই চেন্নাইয়ের প্রত্যাশাও ছিল বেশি।

যদিও এখনো সেটা পূরণ করতে পারেননি। চেন্নাইয়ের জার্সিতে প্রথম দুই ম্যাচে ডানহাতি ব্যাটার করেছেন মাত্র ১৩ রান। প্রথম দুই ম্যাচে নিজেকে পুরোপুরি মেলে ধরতে না পারলেও তাকে নিয়ে আশাহত নয় চেন্নাই ম্যানেজমেন্ট। বরং স্যামসনের পক্ষে ব্যাট ধরে ফ্লেমিং সবাইকে মনে করিয়ে দিয়েছেন টি-টোয়েন্টিতে একজন ব্যাটার প্রতিদিন রান করবে না।

স্যামসনকে নিয়ে চেন্নাইয়ের প্রথম কোচ বলেন, ‘সে (স্যামসন) প্রতিদিনই রান করবে না। এটা টি-টোয়েন্টি ক্রিকেট। এ ম্যাচে তার ব্যাটের কোণায় সামান্য লাগায় সে আউট হয়েছে। সে খুব ভালোভাবে অনুশীলন করছে। যখন সে ভালোভাবে খেলতে শুরু করবে তখন সে একজন "ম্যাচ উইনার"। তাই, দুইটি ইনিংসেই চিন্তার কিছু হয়নি।’

আইপিএলে এখনো পর্যন্ত ১৭৯ ম্যাচে ৪৭১৭ রান করেছেন স্যামসন। ভারতের টুর্নামেন্টে এমন দুর্দান্ত রেকর্ড থাকলেও চেন্নাইয়ের ঘরের মাঠে সেভাবে সুবিধা করতে পারেননি তিনি। চিপকে ৬ ম্যাচ খেলা ডানহাতি ব্যাটার ১০০ স্ট্রাইক রেটে করেছেন মাত্র ৬৬ রান। চেন্নাইয়ের ঘরের মাঠে নিজেকে কিভাবে মানিয়ে নেন সেটাই এখন দেখার বিষয়।

আরো পড়ুন: