লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রান তাড়ায় ডেভন কনওয়ে ও সামির মিনহাসের ব্যাটে ভালো শুরু পায় ইসলামাবাদ। যদিও উদ্বোধনী জুটিতে বেশিরভাগ রান এসেছে সামিরের ব্যাট থেকে। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করছিলেন সামির। অন্যপ্রান্তে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন কনওয়ে। নিউজিল্যান্ডের ওপেনারকে ফিরিয়ে ৫৮ রানের জুটি ভাঙেন মোহাম্মদ আমির।
বাঁহাতি পেসারের বলে কামরান গুলামের হাতে ক্যাচ দিয়েছেন ১১ বলে ৬ রান করেছেন কনওয়ে। ঝড়ো ব্যাটিংয়ে ২৫ বলে হাফ সেঞ্চুরি করেছেন সামির। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির পথেও ছিলেন তিনি। যদিও ইসলামাবাদের রান একশ হওয়ার আগেই তাকে ফেরান জালাত খান। ৭ চার ও ৪ ছক্কায় ৩৬ বলে ৭০ রানের ইনিংস খেলে আউট হয়েছেন সামির।
দলের রান একশ ছাড়িয়ে যাওয়ার পর আউট হয়েছেন ফাইকও। রিশাদের বলে বড় শট খেলার চেষ্টায় মিড অনে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়েছেন। ১৬ বলে ১৯ রান করে ফিরেছেন তিনি। পরবর্তীতে হায়দার আলীর ১৬ বলে ২৬ ও মার্ক চ্যাপম্যানের ৭ বলে অপরাজিত ২৪ রানের ক্যামিওতে বড় জয় পেয়েছে ইসলামাবাদ। পিন্ডিজের হয়ে একটি করে উইকেট নিয়েছেন রিশাদ, জালাত ও আমির।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫৬ রান তোলে পিন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৫০ রানের ইনিংস খেলেছেন কামরান। এ ছাড়া ডিয়ান ফরেস্টার ১৯ বলে ৪৪, আব্দুল্লাহ ফজল ২৩ ও মিচেল ১৯ রান করেছেন। ব্যাটিংয়ে সুযোগ পেলেও ৬ বলে ৩ রানের বেশি করতে পারেননি রিশাদ। ইসলামাবাদের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন রিচার্ড গ্লিসন, ফাহিম আশরাফ ও সালমান ইরশাদ।