এনওসি পেলেও আইপিএলের শুরুতে খেলা হচ্ছে না পাথিরানার

ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্য অনাপত্তি পত্র (এনওসি) পাচ্ছেন না মাথিশা পাথিরানা! এমন খবর বের হলেও শেষ পর্যন্ত এমন কিছু হচ্ছে না। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পেলেও টুর্নামেন্টের প্রথম অংশে পাথিরানাকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। অভিষেক নায়ার নিশ্চিত করেছেন, এপ্রিলের মাঝামাঝি সময়ে কলকাতার সঙ্গে যোগ দিতে পারেন লঙ্কান পেসার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন পাথিরানা। অজিদের বিপক্ষে নিজের প্রথম ওভারের চতুর্থ ডেলিভারি করার পর বাঁ পায়ে আঘাত পান। প্রাথমিক চিকিৎসা দিলেও সেটা কাজে আসেনি। বরং তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়েন তারকা এই পেসার। পরবর্তীতে বিশ্বকাপ থেকেই ছিটকে যান পাথিরানা।

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) পুনর্বাসনে আছেন তিনি। পায়ের চোটে এখনো সেরে উঠতে পারেননি। আগামী ২৮ মার্চ থেকে পর্দা উঠতে যাচ্ছে আইপিএলের আগামী আসরের। টুর্নামেন্টে কলকাতার হয়ে খেলার কথা রয়েছে তার। গত ডিসেম্বরে ১৮ কোটি রুপিতে তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। গুঞ্জন উঠে চোট গুরুতর হওয়ায় পাথিরানাকে আইপিএল খেলার অনুমতি দিচ্ছে না এসএলসি।

যদিও এমন কিছু শেষ পর্যন্ত হচ্ছে না। কলকাতার প্রধান কোচ অভিষেক নায়ার নিশ্চিত করেছেন এসএলসির সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের। ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পেলেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে সেটার জন্য এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে পারে। অর্থাৎ টুর্নামেন্টের প্রথম ধাপে পাওয়া যাচ্ছে না ২৩ বছর বয়সি শ্রীলঙ্কান পেসারকে।

এ প্রসঙ্গে অভিষেক বলেন, ‘আমরা সর্বশেষ যে খবরটা পেয়েছি সেটা হচ্ছে সে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গেই আছে এবং পুনর্বাসন শুরু করেছে। আমাদের সর্বশেষ যোগাযোগ অনুযায়ী আমরা আশাবাদী। এপ্রিলের মাঝামাঝি হয়ত তারা যখন মনে করবে ম্যাচ খেলার জন্য ফিট তখনই সে ফিরবে। এখন পর্যন্ত আমরা এটাই জানি।’

পাথিরানা ছাড়াও আইপিএল শুরুর আগে বেশ কয়েকটি ধাক্কা খেয়েছে কলকাতা। হাঁটুর চোটের কারণে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়া পথে হার্শিত রানা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মুস্তাফিজুর রহমানকেও হারিয়েছে তারা। যদিও বাংলাদেশের পেসারের বদলি হিসেবে দলে নিয়েছে ব্লেসিং মুজারাবানিকে। পাশাপাশি বরুণ চক্রবর্তীর ফর্মও ভাবাচ্ছে তিনবারের চ্যাম্পিয়নদের।

আরো পড়ুন: