পিএসএলে রিশাদের দলের নাম ‘পরিবর্তন’

পিএসএল
পিএসএলের গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন রিশাদ
পিএসএলের গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন রিশাদ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একাদশে আসরে নেই মুলতান সুলতান্স। তাদের পরিবর্তে পিএসএলে অংশ নিচ্ছে রাওয়ালপিন্ডি। কদিন আগে হওয়া নিলামে টিম রাওয়ালপিন্ডি নামে অংশ নিলেও সেটাতে পরিবর্তন এনেছে। টুর্নামেন্টের আগামী আসরে ‘পিন্ডিজ’ নামে খেলতে নামবে ফ্র্যাঞ্চাইজিটি।। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

আলী তারিন চুক্তি নবায়ন না করায় পিএসএলের আগামী আসরে মুলতানের মালিকানায় থাকার কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। তবে সবার আগ্রহের ভিত্তিতে পিএসএলের ক্রিকেটারদের নিলামের আগেই দলটির মালিকানা বিক্রির সিদ্ধান্ত নেয় তারা। পরবর্তীতে ২৪৫ কোটি পাকিস্তানি রুপিতে কিনে নেয় ওয়ালি টেকনোলজিস। সবাইকে টেক্কা দিয়ে দল কেনার পরই ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয় তারা রাওয়ালপিন্ডি শহরের নামে দল চালাবে।

ক্রিকেটারদের নিলামের মাত্র দিন দুয়েক বাকি থাকায় প্রাথমিকভাবে টিম রাওয়ালপিন্ডি নাম দেয় ফ্র্যাঞ্চাইজিটি। তবে প্রায় সপ্তাহ দুয়েক বাদে নাম পরিবর্তন করেছে তারা। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একটি ২৫ সেকেন্ডের ভিডিও আপলোড করে পিন্ডিজ নামের কথা জানানো হয়। যদিও এখনো দলের লোগো প্রকাশ করেনি ওয়ালি টেকনোলজিস। জানা গেছে, দ্রুতই লোগো প্রকাশ করবে তারা।

পিএসএলের আগামী আসরে পিন্ডিজের হয়ে খেলবেন রিশাদ হোসেন। ১১ ফেব্রুয়ারি হওয়া নিলাম থেকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে ডানহাতি লেগ স্পিনারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গত বছর লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছেন রিশাদ। তাদের হয়ে ৭ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম আসরে খেলতে গিয়ে লাহোরের হয়ে শিরোপাও জেতেন বাংলাদেশের তারকা লেগ স্পিনার।

রিশাদ ছাড়াও পিন্ডিজের হয়ে খেলবেন স্যাম বিলিংস, নাসিম শাহ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ড্যারিল মিচেলের মতো ক্রিকেটাররা। নিলামের আগে রিজওয়ান, জামান খান, ইয়াসির খান, বিলিংসদের দলে নেয় তারা। পরবর্তীতে নিলাম থেকে দলে টেনেছেন রিশাদ, নাসিম, আমির, মিচেল, আমাদ বাট, ডিয়ান ফরেস্টার, লরি ইভান্স, কামরান গুলামের মতো ক্রিকেটারদের।

পিন্ডিজ— মোহাম্মদ রিজওয়ান, জামান খান, ইয়াসির খান, স্যাম বিলিংস, নাসিম শাহ, রিশাদ হোসেন, ড্যারিল মিচেল, মোহাম্মদ আমির, আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, ডিয়ান ফরেস্টার, লরি ইভান্স, আসিফ আফ্রিদি, কামরান গুলাম, ফাওয়াদ আলী, মোহাম্মদ আমির খান, শাহজাইব খান।

আরো পড়ুন: