সবচেয়ে আলোচিত পরিবর্তন এসেছে দিনের শেষ ওভার সংক্রান্ত নিয়মে। এতদিন দিনের শেষ ওভারে উইকেট পড়লে অনেক সময় সেখানেই খেলা শেষ করে দেওয়া হতো। নতুন আইনে বলা হয়েছে, শেষ ওভারে উইকেট পড়লেও ওভারের বাকি বলগুলো সম্পন্ন করতেই হবে এবং নতুন ব্যাটারকে ক্রিজে নেমে খেলতে হবে।
এমসিসির ব্যাখ্যায় বলা হয়েছে, আগের নিয়মে ব্যাটিং দল বাড়তি সুবিধা পেত। শেষ মুহূর্তে উইকেট হারালেও নতুন ব্যাটারকে মোকাবিলা না করেই দিনের খেলা শেষ করার সুযোগ থাকত, যা প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করত। নতুন নিয়মে সেই সুবিধা আর থাকছে না।
বাউন্ডারি ক্যাচের ক্ষেত্রেও কড়াকড়ি আনা হয়েছে। বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে বল ভেতরে ঠেলে দিয়ে আবার ঢুকে ক্যাচ ধরার কৌশল, যা ‘বানি হপ’ নামে পরিচিত, সেটি এখন আরও সীমাবদ্ধ। নতুন আইনে ফিল্ডার শূন্যে থাকা অবস্থায় একবারের বেশি বল স্পর্শ করতে পারবেন না এবং ক্যাচ সম্পন্ন করতে হলে তাকে অবশ্যই বাউন্ডারির ভেতরে থাকতে হবে।
ক্লাব ক্রিকেটে ব্যাট সংক্রান্ত নিয়মেও পরিবর্তন এসেছে। উইলো কাঠের সংকট ও ব্যাটের উচ্চমূল্যের বিষয়টি বিবেচনায় রেখে প্রাপ্তবয়স্কদের ক্লাব ক্রিকেটে ল্যামিনেটেড বা জোড়া দেওয়া কাঠের ব্যাট ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই ব্যাট আন্তর্জাতিক ক্রিকেটে ব্যবহার করা যাবে না, শুধু ঘরোয়া ও ক্লাব পর্যায়েই সীমাবদ্ধ থাকবে।
হিট উইকেটের সংজ্ঞা আরও পরিষ্কার করা হয়েছে নতুন আইনে। শট খেলার পর ভারসাম্য হারিয়ে কিছুক্ষণ পর স্টাম্পে পড়ে গেলে ব্যাটার আউট হবেন। তবে ফিল্ডারের সঙ্গে ধাক্কা লেগে স্টাম্পে পড়লে সেটি আউট হিসেবে ধরা হবে না। পাশাপাশি ম্যাচের শেষ ইনিংসে অধিনায়কের ইনিংস ঘোষণা দেওয়ার সুযোগও বাতিল করা হয়েছে।
এমসিসি জানিয়েছে, এই আইনগুলো আন্তর্জাতিক ক্রিকেটে প্রয়োগ করা হবে কি না, সে বিষয়ে আইসিসির ক্রিকেট কমিটির সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এমসিসির আইন ব্যবস্থাপক ফ্রেজার স্টুয়ার্ট বলেন, আধুনিক ক্রিকেটের বাস্তবতার সঙ্গে তাল মেলাতেই ১৭৮৭ সাল থেকে চলে আসা আইনগুলো সময়োপযোগী করা হয়েছে।
এমসিসির ওয়েবসাইটে প্রকাশিত ক্রিকেটের পরিবর্তিত আইন-
১। ল্যামিনেটেড ব্যাট (টাইপ-ডি) ব্যবহারের অনুমতি
২। দিনের শেষ ওভারে উইকেট পড়লেও ওভারের বাকি বলগুলো শেষ করতে হবে
৩। বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে বল ভেতরে ঠেলে দিয়ে আবার ঢুকে ক্যাচ ধরার কৌশল, যা ‘বানি হপ’ নামে পরিচিত, সেটি এখন আরও সীমাবদ্ধ। নতুন আইনে ফিল্ডার শূন্যে থাকা অবস্থায় একবারের বেশি বল স্পর্শ করতে পারবেন না এবং ক্যাচ সম্পন্ন করতে হলে তাকে অবশ্যই বাউন্ডারির ভেতরে থাকতে হবে
৪। বল ছাড়ার মুহূর্তে কিপারের গ্লাভস স্টাম্পের পেছনে নিতে হবে
৫। কোনো ব্যাটসম্যান যদি ইচ্ছা করে শর্ট রান নেন, তবে তার শাস্তি হিসেবে ৫ রান জরিমানা এবং পরের বলে কোন ব্যাটসম্যান স্ট্রাইকে থাকবেন, সেটি ফিল্ডিং দল ঠিক করবে
৬। ব্যাটার শট খেলার পর ভারসাম্য হারিয়ে স্টাম্পে পড়ে গেলে সেটি হিট উইকেট ধরা হবে
৭। বল কখন ডেড হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আম্পায়ারকে এখন বেশি ক্ষমতা দেওয়া হয়েছে
৮। মিস ফিল্ডিংকে এখন থেকে ওভার থ্রো বলা হবে না
৯। ম্যাচের শেষ ইনিংসে কোনো অধিনায়ক এখন থেকে ইনিংস ঘোষণা বা ডিক্লেয়ার করতে পারবেন না
১০। ক্রিকেটের আইনে পুরুষ বা নারীবাচক শব্দের বদলে এখন থেকে লিঙ্গ নিরপেক্ষ শব্দ ব্যবহার করা হবে