আবুধাবির উইকেট সবাইকেই কিছু না কিছু দেয়: রাজা

ত্রিদেশীয় সিরিজ
সিকান্দার রাজা, ক্রিকফ্রেঞ্জি
সিকান্দার রাজা, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। ব্যাট হাতে ব্যর্থতায় পুরো ৫০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৭১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের ৩৮ বলে ৪৬ রানের ইনিংস ছাড়া উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি আর কেউ। শেষ পর্যন্ত ৩৩.৪ ওভারে ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

ম্যাচ শেষে জিম্বাবুয়ের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক সিকান্দার রাজা। আবুধাবির উইকেটের আচরণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এই মাঠের উইকেট সম্পর্কে ভালো ধারণা ছিল তাদের।

রাজা বলেন, 'আসলে বুঝতে হবে আবুধাবি কেমন হয়। এখানে যথেষ্ট ক্রিকেট খেললে এবং পরিসংখ্যান দেখলে আপনি জানবেন, আবুধাবি সবাইকেই কিছু না কিছু সাহায্য দেয়।'

উইকেটে পেসার, ব্যাটার ও স্পিনার- সবার জন্যই সুযোগ থাকে বলে মনে করেন জিম্বাবুয়ের অধিনায়ক। তার ভাষ্য, 'আবুধাবিতে পেসাররা সিম মুভমেন্ট পায়, ব্যাটাররাও রান করবে, এমনও সময় আসবে যখন কিছুটা টার্ন হবে এবং পরে ফ্ল্যাট উইকেটও হবে।'

শুরুতে উইকেট হারালেও পরিস্থিতি সামলে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন রাজা। তিনি বলেন, 'যে কেউ যদি কঠিন সময়ে উইকেটে টিকে থাকতে পারে, তাহলে ভালো সময় আসবেই। আমরা সাহসী ছিলাম। তিন উইকেট হারিয়েও আমরা টিকে ছিলাম। শুরুতে কিছু ডট দিলেও পরে আমরা ভালো জুটি বানাই।'

আবুধাবির উইকেটে ধৈর্য ধরে ব্যাটিং করাই সাফল্যের চাবিকাঠি বলে মনে করেন রাজা। তার মতে, 'আবুধাবির উইকেট পেসার, স্পিনার, ব্যাটার সবাইকেই কিছু না কিছু দেবেই।'

আরো পড়ুন: