বিদেশি কোচ এলে সব উল্টে যাবে না: তাসকিন

ত্রিদেশীয় সিরিজ
তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে নেমেই পরপর ৩ উইকেট তুলে নিয়েছিলেন তাসকিন। এরপরও বাংলাদেশ জিম্বাবুয়েকে বড় রান থেকে আটকাতে পারেনি। তারা তুলে নেয় ২৭১ রান। জবাবে ব্যাট হাতে নেমে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ঝোড়ো সূচনা। তবে ম্যাচের ফল বাংলাদেশের পক্ষে আসেনি। শেষ পর্যন্ত ১৭২ রানে অল আউট হয়ে ম্যাচ হারতে হয়েছে ৯৯ রানে।

বাংলাদেশ দলের অন্যতম সেরা পারফর্মার তাসকিন ম্যাচ শেষে জানিয়েছেন ৩ উইকেট বা ৫ উইকেট কোনো ব্যাপার নয়। ম্যাচ না জিতলে এগুলোর কোনো লাভ নেই। ভালো শুরুর পরও জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ও ক্রেইগ আরভিনের ১৫০ রানের জুটি বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বলে দাবি তাসকিনের।

এ প্রসঙ্গে তাসকিন বলেন, 'ম্যাচ হারলে তো এটাই সবচেয়ে বড় হতাশার একটা খেলোয়াড় বা দলের জন্য। আসলে যতই ৩ উইকেট পাই বা ৫ উইকেট পাই, ম্যাচ না জিতলে কখনোই সেটা লাভ হয় না। শুরুটা খুব দারুণ হয়েছিল। এটাও ঠিক যে উইকেটটা বেশ ভালো ছিল ব্যাটিংয়ের জন্য। কিন্তু ওদের মাঝখানে যে বড় একটা জুটি হলো, তো আসলে ওই শুরুর সাফল্যের পরে মাঝখানে আসলে একটু লম্বা জুটি হয়ে যাওয়ায় ওরা অনেকটা এগিয়ে যায়। তারপরেও পরে জুটি ভাঙার পরও আমার মনে হয় একটা মোটামুটি রানে আটকানো সম্ভব হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত পরে আর জেতা হলো না।'

বাংলাদেশ দলের কোচিং প্যানেলে এখন এক ঝাঁক দেশি কোচ। ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আশরাফুল। পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের। ফিল্ডিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন আশিকুর রহমান। বাংলাদেশের ব্যর্থতায় তাদের ওপরও দায় চাপাচ্ছেন অনেকে। তবে তাসকিনের ধারণা বিদেশি কোচ আসলে সবকিছু উল্টে যাবে না। বরং বাংলাদেশ দল সাফল্য পেলে তারাই যথেষ্ট প্রশংসা পান না।

তাসকিন বলেন, 'দেশি হোক বা বিদেশি হোক সবার মূল ধারণাগুলো একই। আসলে বিদেশি কোচ এলেই যে দুনিয়ার সব উল্টে যাবে এমন কিছু না। দেশি কোচরাও যথেষ্ট সক্ষম, আমাদের দলে যারা আছেন। তারা কিন্তু নিজেরাও ভালো পর্যায়ে ক্রিকেট খেলেছেন এবং ভালোভাবেই কোচিং করাচ্ছেন। কিন্তু আমরা আসলে শুধু ফলাফল-নির্ভর দল হওয়াতে দেখা গেছে যে এই জিনিসগুলো একটু বেশি চোখে পড়ে; হারলে দেশি কোচদের ওপর অনেক কথা হয়, জিতলে আবার প্রশংসা কম হয়।'

এই ম্যাচে বাংলাদেশ পায়নি অধিনায়ক লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। লিটন পেশির চোটে পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেছেন। মিরাজ খেলতে পারেননি জ্বরের কারণে। তাদের ছাড়াও বাংলাদেশ শক্তিশালী। তাই এই ম্যাচে জয় পাওয়া উচিত ছিল বলে মনে করেন তাসকিন। তাসকিন উইকেটের কথা বলতে গিয়ে বাংলাদেশ-আফগানিস্তান টেস্টেরও উদাহরণ টেনেছেন।

তিনি যোগ করেন, 'দুর্ভাগ্যবশত মিরাজের জ্বর, ও খেলে নাই, ও আমাদের ওয়ানডে দলের অন্যতম প্রধান একজন খেলোয়াড়। কিন্তু বাকিরাও যারা খেলেছেন, তারাও কিন্তু যথেষ্ট সক্ষম। কিন্তু দুর্ভাগ্যবশত আসলে আজকে হয় নাই। কিন্তু এই উইকেটটা কিন্তু আপনারা দেখেছিলেনই কয়দিন আগে আবুধাবিতে আফগানিস্তানের সাথে টেস্ট ড্র হয়েছে পঞ্চম দিন পর্যন্ত অনেক লম্বা সময় খেলা হয়েছিল। কিন্তু এই উইকেটটা আসলেই রান হওয়ার মতোই, জুটি চাইলেই করা যেতে পারত এবং ওরা সেটা করেও দেখিয়েছে কিন্তু।'

বাংলাদেশ দল চাপের মুহূর্তে বারবার ভেঙে পড়ে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশার কথা জানিয়েছেন তাসকিন। তিনি বলেন, 'মাঝে মাঝে আমরা দলগতভাবে দেখবেন চাপে পড়লে খুব দ্রুত ভেঙে পড়ি। এই জিনিসটা থেকেই আমাদের আসলে বেরিয়ে আসতে হবে। বড় দল হতে চাইলে যেকোনোভাবেই হোক বেরিয়ে আসতে হবে। আমি নিশ্চিত এটা নিয়ে আমরা সবাই মিলে কাজ করছি, কীভাবে দ্রুত ঠিক করা যায়।'

আরো পড়ুন: