ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন

ত্রিদেশীয় সিরিজ
লিটন দাস, ফাইল ফটো
লিটন দাস, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কোয়াড ইনজুরির কারণে ত্রিদেশীয় সিরিজে খেলা হচ্ছে না লিটন দাসের। দ্রুতই দেশে ফিরে আসতে পারেন বাংলাদেশের এই অধিনায়ক। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত ১৬ অক্টোবর হিপ জয়েন্টে কিছুটা অস্বস্তি দেখা দেয় লিটনের। ওয়ানডে দলের অধিনায়ক সেকথা টিম ম্যানেজমেন্টকে জানান। তারপরই তার এমআরআই করানো হয়। এমআরআই থেকে তার ইনজুরির বিষয়টি জানা যায়।

বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, 'গতকাল ডান হিপ জয়েন্টে অস্বস্তির কথা জানিয়েছিল লিটন। এরপর এমআরআই করানো হলে রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়ে। আজ ফিটনেস টেস্ট দেওয়ার চেষ্টা করেছিল সে, তবে নির্ধারিত বেঞ্চমার্ক পূরণ করতে পারেনি। ফলে এই সিরিজে তাঁকে পাওয়া যাবে না।'

কোয়াড ইনজুরিতে মাঠের বাইরে থাকার সময় নির্ভর করে পেশির ক্ষতির মাত্রার ওপর। সাধারণভাবে সামান্য টান লাগলে এক থেকে তিন সপ্তাহের মধ্যে সেরে ওঠা সম্ভব। পেশির আংশিক ক্ষতি হলে সুস্থ হতে চার থেকে আট সপ্তাহ, আর গুরুতর চোটে আরও বেশি সময় লাগতে পারে।

তবে লিটনের চোটের মাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য না থাকায় তাঁর ক্ষেত্রে নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। এই ধরনের চোটে দ্রুত মাঠে ফেরার জন্য পর্যাপ্ত বিশ্রাম ও ধাপে ধাপে পুনর্বাসন গুরুত্বপূর্ণ।

ব্যথা কমে গেলেও পুরো শক্তি ও স্বাভাবিক নড়াচড়া ফিরে না আসা পর্যন্ত খেলার চাপ নেয়া ঝুঁকিপূর্ণ। তাই লিটন কবে মাঠে ফিরবেন, তা নির্ভর করবে তার সুস্থ হওয়ার অগ্রগতি এবং চিকিৎসকদের মূল্যায়নের ওপর। লিটন না থাকায় ত্রিদেশীয় সিরিজে নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।

এদিকে ৩ দিন ধরে জ্বর থাকার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচে খেলা হচ্ছে না মেহেদী হাসান মিরাজের। তবে সুস্থ থাকলে ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেন তিনি।

আরো পড়ুন: