দীর্ঘ সাত বছর পর আইসিসি ও এসিসির টুর্নামেন্টের বাইরে আবারও বহুজাতিক কোনো আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ এবার আফগানিস্তান ও জিম্বাবুয়ে। কদিন আগেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতেই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। এবার সেখানেই ত্রিদেশীয় সিরিজের লড়াই। পরিসংখ্যান যাই হোক না কেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের চোখ শিরোপাতেই।
তিনি টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে বলেছেন, 'সত্যি বলতে অধিনায়ক হিসেবে এটি আমার জন্য একটি বড় সুযোগ। আমি মনে করি, আমাদের সামনে একটি বিশ্বকাপ ও এশিয়া কাপ আছে। এশিয়া কাপ তো আমরা বাংলাদেশে খেলব। আমার মনে হয় প্রস্তুতির জন্য এটিই সেরা সময়, কারণ এশিয়া কাপে ৫-৬টি দল খেলে আর ত্রিদেশীয় সিরিজে ৩টি দল খেলবে। তাই এগুলো প্রায় একই রকম, একই ধরনের চাপ ও পরিস্থিতি থাকবে। অবশ্যই, আমরা যদি ভালো ক্রিকেট খেলি, তবে চ্যাম্পিয়ন হব না কেন?'
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের তেমন কোনো বড় সাফল্য নেই। লিটন জানালেন ত্রিদেশীয় সিরিজ খুব বেশি তারা খেলারই সুযোগ পাননা। এসব টুর্নামেন্টে বাড়তি চাপও কাজ করে। বিশেষ করে ফাইনালে খেলার চাপে থাকে প্রতিটি দলই। তাই এখানে সাফল্য পাওয়াও বেশ কঠিন বলেই ধারণা বাংলাদেশ অধিনায়কের।
তিনি বলেন, 'আমরা খুবই কম ত্রিদেশীয় সিরিজ খেলি। আমি অনেকদিন ধরেই খেলছি, কিন্তু ত্রিদেশীয় সিরিজ খেলার অভিজ্ঞতা খুবই কম। আমরা বড় বড় এশিয়া কাপ, বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলি, কিন্তু ত্রিদেশীয় সিরিজ খেলা হয় না। ত্রিদেশীয় সিরিজ খেললে যেটা হয়, একটা বাড়তি চাপ থাকে। তিনটা দলের জন্যই সমান চাপ থাকবে যে আপনাকে ফাইনালে উঠতে হবে। আমার মনে হয় সেই জিনিসটাই একটা বাড়তি চাপ নিয়ে আসে।'
বাংলাদেশ দল ভালো ক্রিকেট খেলবে সেই আশাবাদ ব্যক্ত করে লিটন বলেন, 'আমাদের ছেলেরা খুবই ভালো ক্রিকেট খেলছে সাম্প্রতিক সময়ে। সর্বশেষ কিছু সিরিজ আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি, আমাদের ম্যাচিউরিটি লেভেল অনেক বেড়েছে। আমি আশা করছি যে আমরা এখানে ভালো ক্রিকেট খেলব।'