শেষ দিনে উইকেট থেকে বাড়তি সুবিধার আশায় বাংলাদেশ

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টস জিতে ব্যাটিং নেওয়ার পর নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, তৃতীয় ও চতুর্থ দিনে গিয়ে স্পিনাররা উইকেট একটু বাড়তি সুবিধা পাবেন। সেই ভাবনা থেকে মেহেদী হাসান মিরাজের সঙ্গে তাইজুল ইসলাম ও নাঈম হাসানকে একাদশে রেখেছে। আবুধাবি টেস্টের চতুর্থ দিন পেরিয়ে গেলেও উইকেটের চরিত্রের খুব বেশি পরিবর্তন হয়নি।

এমনকি স্পিনাররাও বাড়তি টার্ন আদায় করতে পারেননি। এখনো পর্যন্ত উইকেটে বড় ধরনের ক্ষত তৈরি না হওয়ায় ব্যাটারদের চ্যালেঞ্জ জানাতে পারছেন না মিরাজ-তাইজুলরা। লিটন দাসও স্বীকার করলেন উইকেট স্পিনবান্ধব নয়। এমন উইকেটেও শেষ দিনে ৭ উইকেট নিতে হবে বাংলাদেশকে। উইকেট থেকে কিছুটা সুবিধা পেলে স্পিনারদের জন্য কাজটা সহজ হবে বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে লিটন বলেন, ‘উইকেট খুব একটা স্পিনবান্ধব নয়। তবে পঞ্চম দিনে গেলে অনেক সময় পিচের ক্ষত তৈরি হওয়া জায়গা থেকে বল বেশি ঘুরতে শুরু করে। আমাদের স্পিনাররা ইতিমধ্যেই ভালো জায়গায় বল করছে, আশা করি আরও ভালো জায়গায় বল করে চাপ তৈরি করবে। উইকেট থেকে যদি একটু সাহায্য পায়, তাহলে তাদের জন্য কাজটা সহজ হবে।’

অস্ট্রেলিয়া সফরে ভালো করতে না পারলেও আফগানিস্তানের বিপক্ষে রান পেয়েছেন লিটন। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা ডানহাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসে করেছেন সেঞ্চুরি। বাংলাদেশের তিন ফরম্যাটের নিয়মিত ক্রিকেটারদের একজন লিটন। তিনটা ফরম্যাট খেলা পছন্দ করলেও টেস্টকে সবার চেয়ে এগিয়ে রাখছেন তিনি।

লিটন বলেন, ‘তিনটা ফরম্যাটই আমার ভালো লাগে, তবে টেস্ট ক্রিকেটের মর্যাদাটা একটু ওপরে। কারণ এই ম্যাচটাতে অনেক কিছু হয়। প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত অনেক চ্যালেঞ্জ থাকে এবং উপভোগ করার মতো অনেক পরিস্থিতি থাকে। তাই আমি টেস্ট ক্রিকেট পছন্দ করি।’

উইকেটকিপার হওয়ায় ব্যাটিংয়ে বাড়তি সুবিধা পাওয়া যায় বলে জানান লিটন। তিনি বলেন, ‘ হ্যাঁ, অবশ্যই সাহায্য করে। কারণ উইকেটের পেছনে দাঁড়িয়ে আমি অনেক কিছু বুঝতে পারি, উইকেট সম্পর্কে একটা ধারণা চলে আসে। সেটা আমার ব্যাটিংয়ে অনেকটা সাহায্য করে।’

আরো পড়ুন: