জোহানেসবার্গে রান তাড়ায় শুরুটা দুর্দান্ত করেছিলেন মার্শ ও হেড। দুজনে মিলে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৭৭ রান তোলেন। মার্শ খানিকটা দ্রুত রান তুললেও কিছুটা ধীরগতির ছিলেন হেড। আক্রমণাত্বক ব্যাটিংয়ে ৩২ বলে পেয়েছেন হাফ সেঞ্চুরিও। তাদের দুজনের জমে ওঠা ১৩০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন বিজর্ন ফরটুইন। ১০ চারও ৫ ছক্কায় ৫৩ বলে ৮৪ রানের ইনিংস খেলে বোল্ড হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
তিনে নেমে সুবিধা করতে পারেননি কুপার কনোলি। বাঁহাতি ব্যাটারকে ইনিংস বড় করতে দেননি লিজাড উইলিয়ামস। মার্শের মতো সেঞ্চুরি পাওয়া হয়নি হেডেরও। ৫৩ বলে হাফ সেঞ্চুরি পাওয়া বাঁহাতি ওপেনার আউট হয়েছেন ৮৪ রানের ইনিংস খেলে। অস্ট্রেলিয়ার রান দুইশ হওয়ার পর ফিরেছেন অ্যালেক্স ক্যারিও। ম্যাট রেনশ থিতু হলেও ৩২ রানের বেশি করতে পারেননি।
শেষের দিকে ঝড়ো ব্যাটিংয়ে জয়ের আশা জাগিয়েছিলেন জাভিয়ের বার্টলেট। তবে ২৮ বলে ৫০ রানের ইনিংস খেলে ফিরলে জিততে পারেনি অস্ট্রেলিয়া। সফরকারীরা অল আউট হয়েছে ৩৩৩ রানে। সাউথ আফ্রিকার হয়ে তিনটি উইকেট নিয়েছেন উইলিয়ামস। এ ছাড়া দুইটি করে উইকেট পেয়েছেন মার্কো জানসেন, কেশভ মহারাজ ও ফরটুইন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি সাউথ আফ্রিকা। ইনিংসের প্রথম ওভারেই ফেরেন এইডেন মার্করাম। জশ হ্যাজেলউডের ব্যাক অব লেংথ ডেলিভারিতে কনোলির দুর্দান্ত ক্যাচে ফিরতে হয়েছে তাকে। গোল্ডেন ডাক মেরে ড্রেসিং রুমে ফিরতে হয়েছে ডানহাতি ওপেনারকে। সুবিধা করতে পারেননি কুইন্টন ডি ককও।
সপ্তম ওভারে ফেরেন বাঁহাতি উইকেটকিপার ব্যাটারও। হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ১৫ রান করা ডি কক। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ম্যাথু ব্রিটজকে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। ২৮ বলে ৩৪ রান করে তাকে ফিরতে হয়েছে জেইক এডওয়ার্ডসের বলে। একশর আগে তিন উইকেট হারালেও দলকে পথ দেখান বাভুমা। ৬১ বলে হাফ সেঞ্চুরি করার পর মিলারকে সঙ্গে নিয়ে সাউথ আফ্রিকার রান বাড়াতে থাকেন তিনি।
রান তোলার গতি বাড়িয়ে ১১২ বলে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করেন বাভুমা। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর অর্থাৎ ৩ বছর ও ২৮ ইনিংস পর ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন সাউথ আফ্রিকার অধিনায়ক। যদিও সেঞ্চুরির পরই ফিরতে হয়েছে তাকে। ১১৬ বলে ১০৩ রানের ইনিংস খেলা বাভুমাকে ফেরান এডওয়ার্ডস। একেবারে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করছিলেন মিলার।
৪৫ বলে হাফ সেঞ্চুরি করা বাঁহাতি ব্যাটার তিন অঙ্ক ছুঁয়েছেন ৭৩ বলে। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করে আউট হয়েছেন ৯ ছক্কা ও ১২ চারে ৯৩ বলে ১৪২ রানের ইনিংস খেলে। এটিই তার ক্যারিয়ারসেরা ইনিংস। শেষের দিকে ডুয়ান জানসেন ২৭ রান করলে ৯ উইকেটে ৩৬৫ রানের পুঁজি পায় সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়ার হয়ে এডওয়ার্ডস পাঁচটি ও হ্যাজেলউড তিনটি উইকেট নিয়েছেন।