নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে মঙ্গলবার বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে সকাল থেকেই টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। শেষ পর্যন্ত টসও হয়নি; ম্যাচ শুরুর প্রায় দুই ঘণ্টা আগে দুই দলকে মাঠে না আসতে বলা হয়।
বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচও। এই ম্যাচে শ্রীলঙ্কা এবং বাংলাদে —দুই দলই আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এর আগে পাকিস্তান-হংকং ও ভারত-আফগানিস্তানের কোয়ার্টার-ফাইনালও বৃষ্টিতে ভেসে যায়। অর্থাৎ চার কোয়ার্টার-ফাইনালের কোনোটিতেই বল মাঠে গড়ায়নি।
সেমিফাইনালের আগে অবশ্য স্বস্তির খবর পেয়েছে বাংলাদেশ। ১ অক্টোবরের ম্যাচের দিন নিশিনের আবহাওয়ার পূর্বাভাস তুলনামূলক ভালো। ৩ অক্টোবর হবে পদক নির্ধারণের দিন। ফলে কোয়ার্টার-ফাইনালের মতো সেমিফাইনালও বৃষ্টির পেটে যাওয়ার আশঙ্কা আপাতত কম।
এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের রয়েছে সাফল্যের ইতিহাস। ২০১০ সালে গুয়াংজু আসরে আফগানিস্তানকে হারিয়ে সোনা জিতেছিল তারা। ২০১৪ সালে ব্রোঞ্জ জয়ের পর ২০২৩ সালের আসরেও একই পদক পায় বাংলাদেশ। গত আসরে সেমিফাইনালে ভারতের কাছে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল তারা।
এবারও পদকের লড়াইয়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে প্রথম পরীক্ষা পাকিস্তান। ১ অক্টোবরের সেমিফাইনালে জয়ী দল খেলবে সোনার পদকের জন্য, আর পরাজিত দলকে নামতে হবে ব্রোঞ্জের লড়াইয়ে। বৃষ্টির কারণে মাঠে না নেমেই শেষ চারে ওঠা বাংলাদেশ এবার মাঠের লড়াইয়ে কতটা এগোতে পারে, সেটিই দেখার।