একটি টেস্ট এবং ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। ২০১৯ সালের পর এবারই প্রথম ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের মাটিতে সেবার বাংলাদেশের সঙ্গে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ক্যারিবীয়দের হারিয়ে শিরোপা জিতেছিলেন মাশরাফি বিন মুর্তজার দল।
৭ বছর পর আবারও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের দলের সঙ্গে পাশাপাশি আফগানিস্তান ও জিম্বাবুয়ে অংশ নেবে সিরিজটিতে। আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ২১ অক্টোবর।
পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা দুইটি দল ২৩ অক্টোবর ফাইনাল খেলবে। ম্যাচগুলো কোন ভেন্যুতে হবে সেটা এখনো নিশ্চিত করেনি আফগানিস্তান। ত্রিদেশীয় সিরিজের আগে অবশ্য আফগানিস্তানের সঙ্গে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ৯ থেকে ১৩ অক্টোবর হবে ম্যাচটি। টেস্ট ম্যাচের ভেন্যুও নিশ্চিত করেনি তারা।
ত্রিদেশীয় সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। ২৭ ও ২৯ অক্টোবরের পাশাপাশি ১লা নভেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজ। ৫ থেকে ৯ নভেম্বর হবে প্রথম টেস্ট। সিরিজের শেষ ম্যাচটি হবে ১৩ থেকে ১৭ নভেম্বর। তবে ম্যাচগুলো কোন ভেন্যুতে হবে সেটা জানায়নি আফগানিস্তান।
এক টেস্টের সিরিজের সূচি:
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
| ৯-১৩ অক্টোবর | আফগানিস্তান-বাংলাদেশ | সংযুক্ত আরব আমিরাত |
ত্রিদেশীয় সিরিজের সূচি:
| তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
| ১৭ অক্টোবর | বাংলাদেশ-জিম্বাবুয়ে | সংযুক্ত আরব আমিরাত |
| ১৯ অক্টোবর | আফগানিস্তান-জিম্বাবুয়ে | সংযুক্ত আরব আমিরাত |
| ২১ অক্টোবর | বাংলাদেশ-আফগানিস্তান | সংযুক্ত আরব আমিরাত |
| ২৩ অক্টোবর | ফাইনাল | সংযুক্ত আরব আমিরাত |