কেন্টে সেরাটা দিয়ে বাংলাদেশকে গর্বিত করতে চান খালেদ

কাউন্টি ক্রিকেট
খালেদ আহমেদ, কেন্ট
খালেদ আহমেদ, কেন্ট
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
হাসান মাহমুদের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন খালেদ আহমেদ। চার ম্যাচের জন্য বাংলাদেশের পেসারের সঙ্গে চুক্তি করেছে ইংল্যান্ডের ক্লাবটি। প্রথমবার কাউন্টি খেলতে গিয়ে সেরাটা দিতে প্রস্তুতি তিনি। কেন্টের জার্সিতে সেরাটা দিয়ে দলটির সমর্থকদের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদেরও গর্বিত করতে চান খালেদ।

লম্বা সময় ধরে বাংলাদেশ জাতীয় দলের পেস ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে আছেন খালেদ। ২০১৮ সালে অভিষেক হওয়া ডানহাতি পেসার অবশ্য ১৮ ম্যাচের বেশি খেলতে পারেননি। বাংলাদেশের হয়ে ৩৪ উইকেটও আছে তার। দেশের বাইরে কখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কিংবা ক্লাব ক্রিকেট খেলা হয়ে উঠেনি তার। এবারই প্রথম সুযোগটা পেয়েছেন তিনি। খেলবেন কাউন্টির ক্লাব কেন্টের হয়ে।

২ সেপ্টেম্বর ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচ রয়েছে কেন্টের। পরের তিনটি ম্যাচে তাদের প্রতিপক্ষ ডার্বিশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লুচেস্টারশায়ার। চারটি ম্যাচের জন্যই তাকে দলে নিয়েছে ক্লাবটি। কেন্টের মতো দলে খেলার সুযোগ পাওয়ায় আনন্দিত খালেদ। দলকে প্রমোশন পাইয়ে দেওয়ার জন্য নিজেদের সেরাটাও দিতে প্রস্তুত তিনি।

কেন্টের সঙ্গে আলাপকালে খালেদ বলেন, ‘কেন্টের মতো ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে কাউন্টি ক্রিকেটে সুযোগ পাওয়া আমার জন্য আনন্দের। এখন মৌসুমের খুবই গুরুত্বপূর্ণ সময়। দলকে প্রমোশন পাইয়ে দেওয়ার জন্য আমি আমার সেরাটা দিতে প্রস্তুত আছি।’

চলতি বছর কেন্টের হয়ে অভিষেক হয়েছে হাসানের। ডানহাতি পেসার অভিষেকেই বাজিমাত করেছেন। দুইটি ম্যাচ খেলে নিয়েছেন ১২ উইকেট। এমন পারফরম্যান্সের পর সেপ্টেম্বরেও কেন্টের হয়ে খেলবেন তিনি। খালেদের সমান চারটি ম্যাচের চুক্তি পেয়েছেন হাসানও। কেন্টকে হ্যাঁ বলার আগে হাসান ও তার এজেন্টের কাছ থেকে ব্যাপক প্রশংসা শুনেছেন খালেদ।

তিনি বলেন, ‘যখন আমি খবরটা শুনলাম তখন হ্যাঁ বলাটা আমার জন্য খুবই সহজ ছিল। হাসান এবং আমার এজেন্ট কেন্ট সম্পর্কে অনেক ভালো কথা বলেছেন। তাদের কাছে শুনেছি কেন্ট অনেকটা পরিবারের মতো। আশা করি কেন্টের সদস্য ও সমর্থকদের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদেরও গর্বিত করতে পারব।’

হাসানের পর খালেদকে দলে নিতে পেরে খুশি কেন্টের ডিরেক্টর অব ক্রিকেট সাইমন কুক। হাসান ক্লাবটির হয়ে খেলার পর থেকেই বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা ক্লাবটির খেলা অনুসরণ করছেন। যা দেখে ভালো লেগেছে তার। কুকের বিশ্বাস, খালেদের আগমনে কেন্টের প্রতি বাংলাদেশের মানুষের ভালো আরও বাড়বে।

কুক বলেন, ‘সেপ্টেম্বরে হাসান মাহমুদের পাশপাশি খালেদ আহমেদকে ক্যান্টারবুরিতে স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। আমরা এমন একজন বোলারকে দলে নিতে চেয়েছিলাম যিনি তাৎক্ষণিকভাবে দলকে শক্তিশালী করবে এবং মৌসুমের শেষ ভাগে দলের ভারসাম্য বাড়াবে।’

কেন্টের ডিরেক্টর অব ক্রিকেট আরও বলেন, ‘চলতি গ্রীষ্মের শুরুতে হাসান আসার পর থেকেই বাংলাদেশের অনেক ক্রিকেট প্রেমী কেন্টকে অনুসরণ করতে শুরু করেছেন। এটা দেখতে খুবই ভালো লাগছে। আশা করি, খালেদের আগমনে সেই ভালোবাসা আরও বাড়বে।’

আরো পড়ুন: