বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে গ্রীষ্মের মৌসুমটা শুরু হয়েছে অস্ট্রেলিয়ার। তবে প্রথম সিরিজেই হোঁচট খেয়েছে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা প্যাট কামিন্সের দল। সিরিজের প্রথম টেস্টে অজিরা হেরেছে ৯ উইকেটে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পর থেকেই প্রতিটি ম্যাচ ও সিরিজের গুরুত্ব আগের তুলনায় বেড়ে গেছে।
কখনো কখনো তুলনায় কম শক্তিশালী দলের কাছে হারায় পয়েন্ট টেবিলে বড় প্রভাব পড়ে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অবশ্য এখনো সেটা খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। ১০ ম্যাচের ৮টিতে জিতে ৮০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছেন কামিন্স-ট্রাভিস হেডরা। তবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে না পারায় আক্ষেপে পুড়ছেন হ্যাজেলউড।
ক্রিকেট অস্টেলিয়ার একটি অনুষ্ঠানে ডানহাতি পেসার বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজে ১-১ সমতা সম্ভবত আমাদের কাঙ্ক্ষিত ফল ছিল না। আমরা অবশ্যই ২-০ চেয়েছিলাম। ডব্লুটিসিতেও (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ) এই পয়েন্টগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই পয়েন্ট পাওয়া সব সময় আমাদের লক্ষ্য থাকে।’
ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। হাসানের দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে মেহেদী হাসান মিরাজের স্পিনে কুপোকাত হয়েছে অজিরা। পরবর্তীতে ব্যাট হাতেও মিচেল স্টার্ক-কামিন্স-হ্যাজেলউডদের সামলেছেন তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, শান্তরা। ১১ সেশনের একটিতেও জিততে পারেনি স্বাগতিকরা।
উল্টো সাড়ে তিন দিনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারতে হয়েছে তাদের। তবে ম্যাকাইতে সেটার প্রতিশোধ নিয়েছে অস্ট্রেলিয়া। দুই ইনিংসেই একশর আগে অল আউট করে বাংলাদেশ দুদিনে হারিয়েছেন স্টার্করা। বাংলাদেশ যে ডারউইনে ভালো ক্রিকেট খেলেছে সেটার প্রশংসা করেছেন হ্যাজেলউড। পাশাপাশি এও মনে করিয়ে দিয়েছেন, ম্যাকাইতে বাংলাদেশকে তারা দেখিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়া কী করতে পারে।
হ্যাজেলউড বলেন, ‘বাংলাদেশ ডারউইনে শুরু থেকেই ভালো ক্রিকেট খেলেছে। এতে আমরা একটু চাপে পড়ে গিয়েছিলাম। ম্যাচে ঢুকতে আমাদের একটু বেশি সময় লেগেছে। তবে ম্যাকাইতে আমরা কী করতে পারি, সেটি দেখিয়েছি।’