বিপিএলে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বিসিবির ৩ সাবেক কর্মকর্তা

বিপিএল
সংগৃহীত
সংগৃহীত
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২ তম আসরে দুর্নীতির অভিযোগে তিন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইসিসির দুর্নীতি বিরোধী একাধিক ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বিসিবি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে।

এই তালিকায় সবচেয়ে চমকজাগানিয়া নাম বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মুখলেসুর রহমান (শামীম)। পাশাপাশি আরও নাম রয়েছে বিসিবির সাবেক নিরাপত্তা সংযোগ কর্মকর্তা জাকির হোসেন ও বিসিবির অডিট কমিটির সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম সানির।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আইসিসির অ্যান্টি করাপশন কোডের আওতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিটের (বিসিবিআইইউ) তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। তাদেরকে এরই মধ্যে নোটিশ দেয়া হয়েছে। এই নোটিশের জবাব দেয়ার জন্য ১৪ দিনের সময় পাবেন তারা।

তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরই তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আইসিসির দুর্নীতি বিরোধী ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শামীমের বিরুদ্ধে আইসিসির অ্যান্টি-করাপশন কোডের ২.১.১ ধারা, ২.১.৪ ধারা, ২.৪.৪ ধারা ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

এর মধ্যে ২.১.১ ধারায় ম্যাচের ফল, গতিপ্রকৃতি, আচরণ বা অন্য কোনো দিক অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা বা এ ধরনের চুক্তি কিংবা প্রচেষ্টার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ২.১.৪ ধারায় কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে উৎসাহিত বা সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

দুর্নীতির প্রস্তাব পাওয়ার পরও অ্যান্টি করাপশন কর্মকর্তাকে না জানানো ও তদন্তের স্বার্থে যোগাযোগের সময় তথ্য গোপন, মুছে ফেলা ও আলামত ধ্বংস করে তদন্তে বাধা দেয়ার অভিযোগ রয়েছে। জাকিরের বিরুদ্ধে ২.১.১ ও ২.১.৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এরই মধ্যে তদন্তে অসহযোগীতার জন্য ২.৪.৬ ধারায়ও তাকে অভিযুক্ত করা হয়েছে। আরেক অভিযুক্ত রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে ২.৪.৪ ও ২.৪.৬ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

আরো পড়ুন: