ঢাকার বিসিবি একাডেমি মাঠে নেটে বোলিং করে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করেছেন নাহিদ। তার বোলিংয়ে ফেরাটা স্বস্তির খবর হলেও এখনই ম্যাচে ফেরার ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই জাপানে অনুষ্ঠেয় আসন্ন এশিয়ান গেমসের দলেও তাকে বিবেচনা করা হচ্ছে না।
সোমবার (৩১ আগস্ট) ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার। ক্রিকবাজকে তিনি বলেন, 'পুনর্বাসন প্রক্রিয়ার কারণে আমরা এশিয়ান গেমসের জন্য নাহিদ রানাকে বিবেচনা করছি না।’
জিম্বাবুয়ে সফরে চোট পাওয়ার পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন নাহিদ। দীর্ঘ বিরতির পর নেটে বোলিং শুরু করলেও এখনই তাকে ম্যাচের চাপের মধ্যে ফেলতে চাচ্ছে না বিসিবি। বিশেষ করে সামনে বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচি থাকায় নাহিদের পুরোপুরি সুস্থ হয়ে ফেরাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিসিবির মেডিকেল বিভাগের তথ্য অনুযায়ী, নাহিদ এখন চোট থেকে সেরে ওঠার অষ্টম সপ্তাহে আছেন এবং পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে তাঁর বোলিংয়ের ওয়ার্কলোড বাড়ানো হবে। তবে এখনই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মতো অবস্থায় নেই তিনি।
এশিয়ান গেমসে নাহিদের না খেলার বিষয়টি অবশ্য চূড়ান্ত বলে জানিয়েছেন হাবিবুল। আফগানিস্তানের বিপক্ষে অক্টোবরে অনুষ্ঠেয় সিরিজকে লক্ষ্য করেই এগোচ্ছেন এই পেসার। বাশার বলেন, ‘নাহিদ আফগানিস্তান সিরিজ দিয়ে ফিরবে। সে টেস্ট নাকি ওয়ানডে খেলবে, সেটা পরে দেখা যাবে। তবে এশিয়ান গেমসে সে খেলবে না,এটা ১০০ শতাংশ নিশ্চিত।’