বাংলাদেশ সিরিজে ব্যর্থ হয়ে ওয়ানডে দল থেকে বাদ ল্যাবুশেন

অস্ট্রেলিয়া ক্রিকেট
মার্নাস ল্যাবুশেন, ফাইল ফটো
মার্নাস ল্যাবুশেন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মার্নাস ল্যাবুশেন। জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকা সফরের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি এই ব্যাটারের। এর ফলে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায়ও তার অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে ল্যাবুশেনের পারফরম্যান্স ছিল হতাশাজনক। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে ব্যাটিং অর্ডারে নিচে নেমে অপরাজিত ৫৫ রান করে কিছুটা স্বস্তি পেলেও তা দলে জায়গা ধরে রাখার জন্য যথেষ্ট হয়নি। ট্রাভিস হেড ও মিচেল মার্শ ফিরতেই তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।

তিন টেস্টের সাউথ আফ্রিকা সফরের দলেও ল্যাবুশেন থাকবেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে তার ব্যাটিং ছিল বিবর্ণ। দুই টেস্টে মোটে ৩৬ রান করেন তিনি। সেই পারফরম্যান্সের পর টেস্ট দলেও তাকে নিয়ে ভাবতে হচ্ছে অস্ট্রেলিয়ার নির্বাচকদের।

ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নিউ সাউথ ওয়েলসের অলরাউন্ডার জোয়েল ডেভিস। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নজর কেড়েছিলেন তিনি। বাঁহাতি ব্যাটার অলিভার পিকও ধরে রেখেছেন নিজের জায়গা। ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচের এই সিরিজকে দেখছে অস্ট্রেলিয়া।

জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। সাউথ আফ্রিকা পর্বে দলের সঙ্গে যোগ দেবেন নিয়মিত ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স। তার কাজের চাপ বিবেচনায় সাউথ আফ্রিকায় মার্শ ও কামিন্সের মধ্যে নেতৃত্ব ভাগাভাগি হতে পারে। ওই পর্বে ফিরছেন মিচেল স্টার্কও। দুই সিরিজেই থাকছেন জশ হ্যাজলউড।

পেস আক্রমণে নতুন করে যোগ হয়েছেন স্পেন্সার জনসন ও বিলি স্ট্যানলেক। চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর জনসন ফিরেছেন দলে। অন্যদিকে পাকিস্তান সফরে সাত বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন স্ট্যানলেক। সেই ম্যাচে অবশ্য উইকেট পাননি তিনি। জিম্বাবুয়ে সিরিজ শুরু হবে ১৫ সেপ্টেম্বর হারারেতে। এরপর ১৮ ও ২০ সেপ্টেম্বর হবে পরের দুই ম্যাচ। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ তিনটি ২৪, ২৭ ও ৩০ সেপ্টেম্বর।

অস্ট্রেলিয়া স্কোয়াড- জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, প্যাট কামিন্স (শুধু সাউথ আফ্রিকা), জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মিচেল মার্শ, অলিভার পিক, ম্যাট রেনশ, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক (শুধু সাউথ আফ্রিকা), অ্যাডাম জাম্পা।

আরো পড়ুন: