বিপর্যয়ের পর হৃদয়-জাকেরের ব্যাটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

বাংলাদেশ ‘এ’ দলের সাউথ আফ্রিকা সফর
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকা সফরের প্রথম অনানুষ্ঠানিক টেস্টে ভিসা জটিলতায় মাঠে নামতে পারেননি তাওহিদ হৃদয় ও জাকের আলী। দ্বিতীয় ম্যাচে সেই দুজনই ব্যাট হাতে দলের ভরসা হয়ে দাঁড়ালেন। সাউথ আফ্রিকা ‘এ’' র বিশাল সংগ্রহের জবাবে চার উইকেট হারিয়ে ২০১ রান তুলেছে বাংলাদেশ ‘এ’। দিন শেষে অপরাজিত হৃদয় ও জাকেরের ব্যাটে স্বস্তি ফিরেছে দলে।

পচেফস্ট্রুমে আগের দিনের চার উইকেটে ৩৭২ রান নিয়ে ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। দিনের শুরুতেই বড় ধাক্কা খায় তারা। ১১১ রানে অপরাজিত থাকা সিনেথেম্বা কেশিলেকে আর মাত্র ১৭ রান যোগ করে রেজাউর রহমান রাজার বলে বোল্ড হয়ে ফিরে যান।

এরপর দ্রুতই ডেলানো পটগিটারকে (৪) সরিয়ে দেন নাঈম হাসান। তবে গ্যাভিন ক্যাপলান ও কাইল সিমন্ডসের পাল্টা আক্রমণে আবারও নিয়ন্ত্রণ নেয় সাউথ আফ্রিকা ‘এ’। ক্যারিয়ারের অষ্টম শতকের খুব কাছে গিয়েও ৯৭ রানে থামেন ক্যাপলান। হাসান মুরাদের বলে বোল্ড হন তিনি।

সাউথ আফ্রিকার পাঁচশ পার করার কাজটি সহজ করে দেন সিমন্ডস। আট নম্বরে নেমে মাত্র ৪১ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। আটটি চার ও তিনটি ছক্কায় সাজানো তার ইনিংসেই স্কোরবোর্ডে পাঁচশ পেরোয় স্বাগতিকদের রান। শেষ পর্যন্ত ৫১২ রানে থামে তাদের ইনিংস। বাংলাদেশের হয়ে নাঈম নেন চারটি এবং মুরাদ তিনটি উইকেট।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ ‘এ’। মাহমুদুল হাসান জয় ৯ রানে এবং পারভেজ হোসেন ইমন ৫ রানে ফিরলে দ্রুত দুই উইকেট হারায় দল। মোহাম্মদ নাঈম শেখ ও হৃদয় এরপর কিছুটা প্রতিরোধ গড়েন। তৃতীয় উইকেটে ৩৯ রান যোগ করার পর ৩৪ রানে নাঈম শেখের বিদায়ে সেই জুটিও ভেঙে যায়।

হৃদয় এরপর আফিফ হোসেনকে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ২৯ রান করে আফিফ আউট হলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। চার উইকেট হারিয়ে তখন বড় সংগ্রহের সামনে দাঁড়িয়ে দলটি। এমন পরিস্থিতিতে জাকেরকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন হৃদয়।

শেষ সেশনে আর কোনো উইকেট পড়তে দেননি এই দুই ব্যাটার। দিনের বাকি সময়টা সামলে নিয়ে পঞ্চম উইকেটে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। ১১টি চার ও একটি ছক্কায় হৃদয় অপরাজিত আছেন ৭৫ রানে। অন্য প্রান্তে জাকেরের সংগ্রহ ৪৭, যেখানে রয়েছে পাঁচটি চার ও তিনটি ছক্কা।

দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২০১ রান বাংলাদেশের। এখনও দক্ষিণ আফ্রিকা ‘এ’-র প্রথম ইনিংসের চেয়ে ৩১১ রানে পিছিয়ে থাকলেও দিনের শেষটা বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক।

আরো পড়ুন: