অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড মনে করেন, এমন হারের পর পরিবর্তনের দাবি ওঠাটা খুবই স্বাভাবিক। এর প্রভাব ড্রেসিং রুমেও পড়বে বলে মনে করেন তিনি। বাংলাদেশের বিপক্ষে হারের ধাক্কা ভুলে না গিয়ে শক্তিশালী হয়ে ফেরার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার এই কোচ।
তিনি গণমাধ্যমকে বলেন, 'হারের পর সব সময়ই পরিবর্তনের দাবি উঠবে। বাইরে থেকে যেমন এ নিয়ে আবেগ থাকবে, দলের ভেতরেও থাকবে। আমাদের খেলোয়াড়েরা ড্রেসিংরুমে বসে সেটি অনুভব করছে। টেস্ট ম্যাচে হারলে কষ্ট হয়। অস্ট্রেলিয়ার হয়ে খেলা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই এই পুরো বিষয়টিতে সেটাও যেন আমরা ভুলে না যাই।'
এমন পরিস্থিতি সামাল দিতে হবে বলেও মনে করেন তিনি। ম্যাকডোনাল্ড বলেন, 'পরিবর্তনের দাবি তোলা সহজ। আমরা যখন জিততে পারি না, তখন অনেকেই পরিবর্তনের দাবি তোলেন। এমন পারফরম্যান্সের পর তারাও সেটি করার অধিকার রাখেন। তাই এসবও আমাদের সামলাতে হবে।'
ডারউইন টেস্টে ১১টি সেশনে খেলা হয়েছে। প্রতিটি সেশনেই বাংলাদেশ রাজত্ব করেছে। অস্ট্রেলিয়ার ব্যাটার বা বোলারদের কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ ম্যাচে ফেরার জন্য। অস্ট্রেলিয়ার প্রধান কোচও বাংলাদেশকে প্রশংসা ভাসিয়েছেন। বিশেষ করে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ধৈর্য ও শৃঙ্খলায় মুগ্ধ হয়েছেন তিনি।
অজি কোচ বলেন, 'আমার মনে হয়, তারা তাকে অসাধারণভাবে খেলেছে। পুরো ব্যাটিং ইউনিট হিসেবেই, এমনকি আমাদের পেসারদের বিপক্ষেও তারা বল অনেক দেরিতে খেলেছে, খুব ধৈর্য ধরে খেলেছে এবং শৃঙ্খলা বজায় রেখেছে। এরপর যখনই রান করার সুযোগ পেয়েছে, যখন আমরা বেশি ওয়াইড লেন্থে বল করেছি, তখনই তারা কাজে লাগিয়েছে।'