মাহমুদউল্লাহ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ডেভিড ওয়ার্নার, যুবরাজ সিং, এবি ডি ভিলিয়ার্স, ডোয়াইন ব্রাভো, শহীদ আফ্রিদি ও মইন আলীর মতো তারকারাও। এই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের অংশগ্রণের বিষয়টি টুর্নামেন্টের আয়োজকরা এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
যদিও টুর্নামেন্টের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। প্রথম আসরে পাকিস্তান চ্যাম্পিয়নসকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত চ্যাম্পিয়নস। দ্বিতীয় আসরে পাকিস্তান চ্যাম্পিয়নসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নস। এবার তৃতীয় আসরের আগে সাবেক তারকাদের নাম প্রকাশ ভিন্ন উন্মাদনা যোগ করেছে।
আয়োজকরা এক বিবৃতিতে লিখেছে, ‘দুটি রেকর্ড ভাঙা আসরের পর ডব্লিউসিএল ২০২৬ এ আরও বেশি তারকা, আরও বেশি তীব্রতা, আরও বেশি দেশের প্রতি গর্ব এবং আরও অনেক স্মরণীয় ক্রিকেট মুহূর্ত দেখা যাবে। তৃতীয় আসরে বাংলাদেশ চ্যাম্পিয়নসও যুক্ত হয়েছে।’
আয়োজকেরা আরও জানিয়েছে, তৃতীয় আসরে যুবরাজ সিং, এবি ডি ভিলিয়ার্স, ডিজে ব্রাভো, শহীদ আফ্রিদি ও মইন আলীর মতো তারকারা থাকছেন। তাদের সঙ্গে নতুন করে যোগ দিচ্ছেন ডেভিড ওয়ার্নার ও মাহমুদউল্লাহ। এ প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হার্শিত তোমার।
তিনি বলেন, ‘তৃতীয় আসরটি বিশেষ হতে যাচ্ছে। এবার আমরা যুক্তরাজ্যের বাইরে টুর্নামেন্ট আয়োজন করব এবং আমাদের ভক্তদের জন্য কিছু চমকও থাকবে। তৃতীয় আসরে ক্রিকেটের সবচেয়ে বড় নাম এবং ভক্তরা যেসব তারকাকে কল্পনা করতে পারেন, তাদের সবাইকে নিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছি।’