অস্ট্রেলিয়া দলে ৩ পরিবর্তনের পরামর্শ হেইডেনের

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
ম্যাথু হেইডেন
ম্যাথু হেইডেন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের কাছে প্রথম টেস্টে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়া দলে বেশ কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছেন দলটির সাবেক ওপেনার ম্যাথু হেইডেন। তিনি মনে করেন ওপেনিংয়ে জেক ওয়েদারাল্ডকে বাদ দেয়া উচিত। এমনকি ট্রাভিস হেডকে ওপেনিং থেকে সরিয়ে তিন নম্বরে খেলানো উচিত।

তা ছাড়া মার্নাস ল্যাবুশেনের বর্তমান ফর্মেরও সমালোচনা করেছেন তিনি। প্রথম টেস্টে বেউ ওয়েবস্টার ও ক্যামেরন গ্রিন দুজনকেই খেলিয়েছিল অস্ট্রেলিয়া। তবে সেঞ্চুরি করায় গ্রিনের একাদশে জায়গা ধরে রাখার সম্ভাবনাই বেশি। পাশাপাশি ওপেনার হিসেবে ম্যাট রেনশকে দলে ফেরানোর পরামর্শ দিয়েছেন এই কিংবদন্তী ক্রিকেটার।

চ্যানেল সেভেনকে দেয়া এক সাক্ষাৎকারে হেইডেন বলেন, ‘আপনাকে আগে ঠিক করতে হবে, আমরা কার ওপর গুরুত্ব দিচ্ছি এবং কোথা থেকে শুরু করছি। সেটা কি একজন ওপেনার, নাকি তিন নম্বর জায়গা? তিন নম্বর জায়গাটিই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে আছে। মার্নাস লাবুশেন দুই বছর ধরে এই ধরনের ফর্মের মধ্যে আছে। রাতারাতি কী বদলে যাবে? শুধু আমরা ম্যাকে গেলেই নয়, অস্ট্রেলিয়ার ঘরের মাঠের আসল টেস্ট গ্রীষ্মের প্রথম ম্যাচেও কী বদলে যাবে?’

হেডকে তিন নম্বরে খেলানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমি হলে ট্রাভিস হেডকে তিন নম্বরে খেলাতাম। এরপর ওপেনিংয়ে নতুন করে ভাবতাম, নতুন কাউকে সুযোগ দিতাম। ওপরে আমি অভিজ্ঞতা চাই। আমি ম্যাট রেনশকে দেখতে চাই। অন্তত ১২ মাস ধরে আমি এটা বলে আসছি। আমার মনে হয়, সে ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। নির্বাচকেরা জানেন সে কী করতে পারে, কিন্তু এখন আমি জানতে চাই, সে আসলে কী করতে পারে।’

পাশাপাশি স্যাম কনস্টাসকে ফেরানোর কথাও বলেছেন হেইডেন। ২০২৪ সালের বক্সিং ডে টেস্টে অপ্রত্যাশিতভাবে অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছিলেন কনস্টাস। অভিষেকেই ভারতের বিপক্ষে মাত্র ৬৫ বলে ৬০ রান করেছিলেন তিনি। ইনিংসটিতে ছিল বেশ কিছু আক্রমণাত্মক ও দৃষ্টিনন্দন শট। তবে সেই ফর্ম ধরে রাখতে পারেননি ২০ বছর বয়সী কনস্টাস।

বোলাররা তাকে এখন বলে কয়ে বোল্ড করছেন। এখন পর্যন্ত পাঁচ টেস্টে কনস্টাসের ব্যাটিং গড় ১৬.৩০। শেফিল্ড শিল্ডেও তার সর্বশেষ মৌসুম খুব একটা ভালো ছিল না। এরপরও বাংলাদেশ ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশে তাঁকে রাখা হয়েছিল। সেই ম্যাচে অবশ্য মাত্র ১ রান করেন তিনি। তবু তাকে দলে রাখায় বোঝা যায়, নির্বাচকদের ভাবনায় এখনো আছেন কনস্টাস।

এদিকে ২০২৫ ও ২৬ অ্যাশেজ সিরিজের জন্য রেনশকে পেছনে ফেলে ওয়েদারাল্ডকে দলে নিয়েছিল অস্ট্রেলিয়া। শেফিল্ড শিল্ডের ওই মৌসুমে রেনশ ৪৯৯ রান করেছিলেন, গড় ছিল ৪৯.৯০। ৩০ বছর বয়সী রেনশ টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ২৯.৩১ গড়ে রান করেছেন। ২০২৩ সালের ফেব্রুয়ারির পর আর টেস্ট দলে খেলেননি তিনি। রেনশ ফিরলে স্পিন বোলিংয়েও বাড়তি বিকল্প পেতে পারে অস্ট্রেলিয়া। তার স্পিন নিঃসন্দেহে দারুণ কার্যকর হতে পারে বাংলাদেশের বিপক্ষে।

আরো পড়ুন: