সীমিত ওভারের ক্রিকেটে ছোট দলের বড় দলকে হারিয়ে দেবার ঘটনা প্রায়ই ঘটে। কিন্তু টেস্ট ক্রিকেটের ধরনের কারণেই তেমনটা ঘটার সম্ভাবনা থাকে না। ৫ দিনের ১৫ টি সেশনের ছোট ছোট ধাপগুলো সাফল্যের সাথে পেড়োলেই কেবল টেস্ট জেতা সম্ভব। ডারউইন টেস্টে খেলা হয়েছে ১১ টি সেশনে, যার ৯ টিতেই নিরঙ্কুশভাবে জিতেছে বাংলাদেশ। বাকি দুটি সেশনেও দুই দল ছিল অনেকটা সমান সমান। তাই অস্ট্রেলিয়াকে একেবারে গুড়িয়ে দিয়েই ম্যাচ জিতেছে বাংলাদেশ। সেরা দল হিসেবে ম্যাচ জেতায় এই হারের সাথে লজ্জা শব্দ জুড়তে রাজি নন খাওয়াজা।
খাওয়াজা বলেন, 'বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে। আমি কিছু শিরোনাম দেখেছি, মানুষ কী বলছে সেটাও দেখেছি। তবে একটা বিষয় আমাকে বিরক্ত করেছে। কেউ কেউ বলছে, অস্ট্রেলিয়ার হারা নাকি বিব্রতকর, আবার কেউ বলছে এটা অস্ট্রেলিয়ার জন্য লজ্জাজনক।'
খাওয়াজা যোগ করেন, 'বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে পুরোপুরি ছাপিয়ে গেছে। তাই তাদের প্রাপ্য কৃতিত্ব দিতে হবে। বলতে হবে, ‘দারুণ খেলেছ। অভিনন্দন। এবার পরের ম্যাচের দিকে তাকাই।’ বাংলাদেশকে এভাবে অসম্মান করার কারণ আমি সত্যিই বুঝতে পারছি না। তাই আমার পক্ষ থেকে শুধু বলব, দারুণ করেছে বাংলাদেশ। ওই দিন তারাই ভালো দল ছিল।'
টেস্ট ক্রিকেট বলেই এই জয়ে বাংলাদেশের কৃতিত্ব বেশি দেখছেন সাবেক এই ওপেনার। অস্ট্রেলিয়া এই মুহূর্তে বিশ্বের সেরা দল বলেই বাংলাদেশের কোনো অর্জনকে অসম্মান করতে রাজি নন তিনি।
খাওয়াজা বলেন, 'আমি বলতে চাই, এটা টেস্ট ক্রিকেট। আপনারা কি বুঝতে পারছেন না, এখানে দুই দলেরই জেতার সুযোগ থাকে? আসলে খেলাটার মূল কথাই তো এটা। হ্যাঁ, আমি জানি আমরা বিশ্বের এক নম্বর দল। আমরাই জিতব, এমন প্রত্যাশাও ছিল। কিন্তু ‘বিব্রতকর’ বা ‘লজ্জাজনক’ এর মতো শব্দ ব্যবহার করা বাংলাদেশের প্রতি অসম্মানজনক।'
একটি টেস্ট হেরেই অস্ট্রেলিয়া খারাপ দল হয়ে গেছে এমনটা বিশ্বাস করতে চান না খাওয়াজা। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সিরিজের দ্বিতীয় টেস্টেই অজিরা ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা করেন তিনি।
খাওয়াজা বলেন, 'আমি এখনো মনে করি, অস্ট্রেলিয়া নিজেদের মান অনুযায়ী খেলতে পারলে সামগ্রিকভাবে তারাই ভালো দল। আশা করি পরের টেস্টে সেটাই আমরা দেখতে পাব। তবে কে জানে কী হয়!'
'আর সবশেষে, অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে নিয়ে বলি। এখন কী হবে? কী পরিবর্তন আনা হবে? আপনারা আসলেই খুব দ্রুত মত বদলান। মাত্র এক বছর আগেই তো আপনারা বলছিলেন, দলের পুরো ব্যাটিং লাইনআপ কতটা দুর্দান্ত, ওপেনাররা কত ভালো, আরও কত কী। এখন আমি আসলে শুধু হাসতেই পারি।'