প্রস্তুতি ম্যাচে তাইজুলের আঙুলে চোট

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কোরি রকিচ্চলির বলে লেগ বিফোর উইকেট হয়ে ফেরার আগে ১৫ বলে ১০ রান করেছিলেন তাইজুল ইসলাম। যদিও ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন তিনি। তবুও সেই চোট নিয়েই ব্যাটিং চালিয়ে গেছেন তাইজুল। সেই চোটে প্রথম ইনিংসে বল হাতে নিতে পারেননি বাঁহাতি এই স্পিনার।

বোলিং ফিঙ্গারে চোট পাওয়ায় দ্বিতীয় দিনেও বোলিংয়ে দেখা যায়নি তাকে। তাইজুলের বদলি হিসেবে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বোলিং করেছেন মুশফিক হাসান। বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম নিশ্চিত করেছেন, আপাতত আঙুল ব্যান্ডেজ করে বিশ্রামে রাখা হয়েছে। প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিন তাইজুলের আঙুলের পরিস্থিতি ও চোট কতটা গুরুতর সেটা পরখ করে দেখবেন তারা।

বিসিবির পাঠানো এক ভিডিওবার্তায় বায়েজিদুল বলেন, ‘তাইজুল ইসলামের গতকালকে ব্যাটিং করার সময় বোলিং ফিঙ্গারে ব্যথা লাগছে। আঙুল খানিকটা থেঁতলে গেছে। তারপর থেকে ওইটাকে আমরা ব্যান্ডেজ করে রেখেছি। আজকে পুরোদিন বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল আবারও পর্যবেক্ষণ করব।’

মুশফিককে খেলানো নিয়ে টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘তাইজুলের জায়গায় ওদের ম্যানেজমেন্ট ও আম্পায়ারদের সঙ্গে কথা বলে আমরা একটা সুযোগ নিয়েছি যাতে মুশফিককে দেখতে পারি। ওরা রাজি হয়েছে এজন্য আজকে মুশফিক বোলিং করেছে।’

অস্ট্রেলিয়া সফরের আগে চোটের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে বাংলাদেশকে। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সময় চোটে পড়েছিলেন লিটন দাস। প্রথম টেস্ট থেকে ছিটকেও গিয়েছিলেন তিনি। তবে প্রত্যাশার চেয়ে দ্রুত চোট থেকে সেরে ওঠায় আবারও বাংলাদেশের দলে যুক্ত করা হয় তাকে। চোটে ভুগছেন শরিফুল ইসলামও।

জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় প্রথম টেস্টে খেলা হচ্ছে না বাঁহাতি পেসারের। টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে তাকে। এদিকে সাইড স্ট্রেইনের চোটে পড়ায় পুরো অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। এমন অবস্থায় পেস ইউনিটে শক্তি কমেছে বাংলাদেশের।

আরো পড়ুন: