১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ
বাংলাদেশ-ইংল্যান্ড লর্ডস টেস্ট ২০১০, ফাইল ফটো
বাংলাদেশ-ইংল্যান্ড লর্ডস টেস্ট ২০১০, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৭ সালের অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছে ইংল্যান্ড। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে , ২০২৭ সালের মে মাসের শেষ দিকে বাংলাদেশের বিপক্ষে একটি একমাত্র টেস্ট ম্যাচ খেলতে পারে ইংল্যান্ড, যা হবে সেই বছরের অ্যাশেজের আগে তাদের প্রস্তুতির অংশ। সবকিছু ঠিকঠাক থাকলে ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫০তম বার্ষিকী টেস্টের আগে এই অতিরিক্ত ম্যাচটি আয়োজনের চিন্তা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে ২০২৭ সালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষেই টানা ৯টি টেস্ট খেলতে পারে বেন স্টোকসের দল।

তবে ম্যাচটির ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সঙ্গে ইসিবির চুক্তি অনুযায়ী প্রতি গ্রীষ্মে লর্ডসে অন্তত দুটি টেস্ট ম্যাচ আয়োজন করতে হয়। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনাল যদি ওভালে অনুষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট ম্যাচটি লর্ডসে অনুষ্ঠিত হতে পারে।

সম্প্রচার চুক্তি অনুযায়ী প্রতি গ্রীষ্মে ছয়টি ঘরের মাঠের টেস্ট আয়োজন করে ইংল্যান্ড। সেই সূচিতে মৌসুমের শুরুতে একটি একক টেস্টের জন্য আলাদা জায়গা রাখা হয়। প্রথমে পাকিস্তানকে নিয়ে পরিকল্পনা করা হলেও সেখান থেকে সরে এসে নতুন প্রতিপক্ষের খোঁজ শুরু করে ইসিবি। এরপরই ইসিবির পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে এটি হবে ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট। বাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য এই ম্যাচটি শুধু প্রস্তুতিমূলক লড়াই নয়, বরং অ্যাশেজের আগে ইংল্যান্ডের দল নির্বাচন ও পরিকল্পনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের জন্য এটি হবে অ্যাশেজের আগে নিজেদের ঝালিয়ে নেবার বড় সুযোগ।

ইংল্যান্ড সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেছিল ২০১৬ সালে। সেই সিরিজে দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডকে টেস্টে হারানোর কৃতিত্ব দেখিয়েছিল বাংলাদেশ। এর আগে ২০০৫ ও ২০১০ সালে ইংল্যান্ড সফরে গেলেও চারটি টেস্টের সবগুলোতেই হেরেছিল টাইগাররা।

ইসিবির বিশ্বাস, ইংল্যান্ডে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি সমর্থকের কারণে ম্যাচটি ঘিরে দর্শক আগ্রহও থাকবে। ফলে আগামী বছরের মে মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া এই টেস্ট মাঠের লড়াইয়ের পাশাপাশি বাণিজ্যিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আরো পড়ুন: