সর্বশেষ অ্যাশেজে ব্যাট হাতে রীতিমতো ব্যর্থ হয়েছেন অলি পোপ। ৬ ইনিংসে ব্যাট হাতে করেছিলেন মাত্র ১২৫ রান। তার দল ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরেছিল ৪-১ ব্যবধানে। এমন পারফরম্যান্সের পর শেষ দুই টেস্টে একাদশ থেকেই বাদ পড়েন তিনি।
পোপের জায়গায় সুযোগ পান জ্যাকব বেথেল। টেস্ট একাদশে জায়গা হারালেও আত্মবিশ্বাস হারাননি পোপ। তিনি আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আরও শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
নিজের বাদ পড়ালে সঠিক সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়েছেন পোপ। পাশাপাশি পরস্থিতি বিবেচনা করে তিনি বলেছেন, 'আমি বুঝতে পেরেছিলাম পরিস্থিতিটা কী। বাদ পড়া কঠিন, কিন্তু তখন সেটাই ঠিক সিদ্ধান্ত ছিল।'
২০১৮ সালে টেস্ট অভিষেক হয় পোপের। এরপর তিনি খেলে ফেলেছেন ৬৪টি টি ম্যাচ। ক্যারিয়ার আরও লম্বা করতে কোচ ব্র্যান্ডন ম্যাককালাম ও ক্রিকেট ডিরেক্টর রব কীর সঙ্গে আলোচনায় বসেছিলেন পোপ। তারা রান বন্যা বইয়ে দেয়ার পরামর্শ দিয়েছেন।
এ প্রসঙ্গে পোপের ভাষ্য, 'তারা শুধু বলেছে, ফিরে যাও, প্রচুর রান করো। যদি দলে না থাকি, তাহলে দেশের সেরা ব্যাটার হওয়ার চেষ্টা করি। আমি এখনও বিশ্বাস করি, তিন নম্বরে আরও ভালো ব্যাটার হতে পারি। সারে’র হয়ে কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। এখন লক্ষ্য একটাই, নিজের খেলাকে আরও উন্নত করা, যাতে সুযোগ এলে আমি প্রস্তুত থাকি।'