অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় পেশির চোটে পড়েছিলেন লিটন। প্রাথমিক চিকিৎসার পরও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফলে ড্রেসিং রুমে ফিরে যেতে হয় ডানহাতি ব্যাটারকে। তবে দলের প্রয়োজনে একেবারে শেষের দিকে ব্যাটিং করতে নেমেছিলেন তিনি।
৪৮ রানের সময় মাঠ ছাড়া লিটন পরবর্তীতে ফিরে হাফ সেঞ্চুরি করেন। ১১ বছরের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার মিরপুরে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন তিনি। ব্যাটিং করলেও উইকেটকিপিং করেননি। লিটনের পরিবর্তে উইকেটের পেছনে দায়িত্ব সামলেছেন নুরুল হাসান সোহান।
পেশির চোট নিয়েই চট্টগ্রামে দলের সঙ্গে গেছেন লিটন। তবে সুস্থ হয়ে উঠতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তিনি। তৃতীয় টি-টোয়েন্টির আগে ঢাকায় ফেরেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। ধারণা করা হচ্ছিল, জিম্বাবুয়ে সফর দিয়ে ফিরতে পারেন লিটন।
যদিও একমাত্র টেস্টে খেলা হচ্ছে না তার। লিটনের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন অঙ্কন। এখনো পর্যন্ত বাংলাদেশের হয়ে একটি টেস্ট খেলেছেন তিনি। ২০২৪ সালের অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল তার। সেই ম্যাচের পর বাংলাদেশের হয়ে আর টেস্ট খেলা হয়নি অঙ্কনের। আগামী ২৮ জুন একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
বাংলাদেশের টেস্ট দল- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক।