বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সূচিতে আর থাকছে না এই তিন ম্যাচ।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নারী চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী আসর জুন-জুলাইয়ের পরিবর্তে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে আয়োজনের সিদ্ধান্ত নেয়ার পর নিজেদের আন্তর্জাতিক সূচিতে পরিবর্তন আনে অস্ট্রেলিয়া। সেই পুনর্বিন্যাসের অংশ হিসেবেই বাংলাদেশের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটি বাদ দেয়া হয়েছে।

আগের সূচি অনুযায়ী, ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি একদিনের এবং তিনটি সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে নতুন সূচিতে একদিনের সিরিজ বহাল থাকলেও সংক্ষিপ্ত সংস্করণের তিন ম্যাচ আর অনুষ্ঠিত হবে না।

বাংলাদেশের পরিবর্তে ওই সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের তিন ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। ১৮, ২০ ও ২২ অক্টোবর সিডনিতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এর আগে এই তিন দিনেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল স্বাগতিকদের।

পরবর্তীতে আগামী মার্চে আবারও অস্ট্রেলিয়া সফরে যাবে নিউজিল্যান্ড নারী দল। সফরে তারা তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে। ৬ মার্চ ক্যানবেরায় প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ ৮ ও ১০ মার্চ মেলবোর্নে আয়োজন করা হবে।

মেলবোর্নের ৮ মার্চের ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে। জংশন ওভালে আলোকসজ্জা স্থাপনের পর এটিই হবে প্রথম দিবা-রাত্রির আন্তর্জাতিক ম্যাচ। একই দিনে আন্তর্জাতিক নারী দিবস এবং মেলবোর্নে সরকারি ছুটি থাকায় ম্যাচটিকে ঘিরে বাড়তি আগ্রহ রয়েছে আয়োজকদের।

অস্ট্রেলিয়ার সূচি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান পিটার রোচ বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন সময়সূচি ঘোষণার পর আমরা এমন একটি সংশোধিত সূচি তৈরির চেষ্টা করেছি, যা দল এবং সমর্থকদের জন্য সবচেয়ে উপযোগী হবে।'

তিনি বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ক্রিকেট কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং নিউজিল্যান্ডকে দুই দফায় অস্ট্রেলিয়া সফরে সম্মতি দেয়ার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নতুন সূচি:

অস্ট্রেলিয়া নারী দল বনাম বাংলাদেশ নারী দল (ওয়ানডে সিরিজ)

৯ অক্টোবর: অ্যালান বোর্ডার ফিল্ড (দিবা-রাত্রি)

১১ অক্টোবর: অ্যালান বর্ডার ফিল্ড (দিবা-রাত্রি)

১৪ অক্টোবর: অ্যালান বর্ডার ফিল্ড (দিবা-রাত্রি)

অস্ট্রেলিয়া নারী দল বনাম নিউজিল্যান্ড নারী দল (টি-টোয়েন্টি সিরিজ)

১৮ অক্টোবর: নর্থ সিডনি ওভাল

২০ অক্টোবর: নর্থ সিডনি ওভাল

২২ অক্টোবর: নর্থ সিডনি ওভাল

অস্ট্রেলিয়া নারী দল বনাম নিউজিল্যান্ড নারী দল (ওয়ানডে সিরিজ)

৬ মার্চ: মানুকা ওভাল (দিবা-রাত্রি)

৮ মার্চ: জাংশন ওভাল (দিবা-রাত্রি)

১০ মার্চ: জাংশন ওভাল (সকাল )

আরো পড়ুন: