অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের ডাক পেলেন নিখিল। দলে তিনি এসেছেন ট্রাভিস হেডের পরিবর্তে। এর আগে সফরের জন্য অপেক্ষমান ক্রিকেটার হিসেবেও বিবেচনায় ছিলেন তিনি।
জাতীয় নির্বাচক টনি ডোডেমেইড বলেন, 'নিখিল বেশ কিছুদিন ধরেই আমাদের নজরে রয়েছে। এই সফরের জন্য অপেক্ষমাণ ক্রিকেটার হিসেবে তাকে রাখা হয়েছিল। ব্রিসবেনে অনুষ্ঠিত প্রস্তুতি ক্যাম্পেও সে দলের সঙ্গে ছিল এবং ট্রাভিস হেডের পরিবর্তে তাকে দলে নেয়া হয়েছে।'
নির্বাচকদের মতে, সাম্প্রতিক সময়ে ঘরোয়া প্রতিযোগিতায় নিখিলের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। বিশেষ করে গত মৌসুমে তার ধারাবাহিক নৈপুণ্য নির্বাচকদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ডোডেমেইড বলেন, 'তার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার পারফরম্যান্স আমাদের মুগ্ধ করেছে, বিশেষ করে গত মৌসুমে। সেই কারণেই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি বছরে সে দিল্লি ক্যাপিটালসের সঙ্গেও যুক্ত ছিল।'
বাংলাদেশ সফরকে নিখিলের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে দেখছে অস্ট্রেলিয়া। নির্বাচক ডোডেমেইড বলেন, 'বাংলাদেশে সে মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। আগামী সপ্তাহে প্রথম টি-টোয়েন্টির জন্য দল নির্বাচন করার সময় তার অভিষেকের সম্ভাবনাও বিবেচনায় থাকবে।'