ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়ে যা বললেন আইয়ার

ভারত ক্রিকেট
শ্রেয়াস আইয়ার, ফাইল ফটো
শ্রেয়াস আইয়ার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের টি-টোয়েন্টি ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন শ্রেয়াস আইয়ার। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচন সভায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়, যেখানে তিনি আনুষ্ঠানিকভাবে সূর্যকুমার যাদবের স্থলাভিষিক্ত হন।

গত মার্চে সূর্যকুমারের নেতৃত্বেই বিশ্বকাপ শিরোপা ধরে রেখেছিল ভারত। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। বিশ্বকাপে নয় ইনিংসে ২৪২ রান করার পাশাপাশি সর্বশেষ আইপিএলেও ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হন। ফলে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছিল অনেক আগেই।

অন্যদিকে প্রায় আড়াই বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন আইয়ার। মাঝের সময়ে জায়গা সংকটের কারণে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তবে ঘরোয়া প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য এবং নেতৃত্বের অভিজ্ঞতা তাকে আবারও আলোচনায় নিয়ে আসে।

আইয়ারের নেতৃত্বের রেকর্ডও বেশ সমৃদ্ধ। কলকাতাকে শিরোপা জেতানোর পাশাপাশি দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন তিনি। ব্যাট হাতেও গত দুই মৌসুমে নিয়মিত রান করেছেন ডানহাতি এই ব্যাটার, যা নির্বাচকদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইয়ার বলেন, 'এটি দারুণ অনুভূতি এবং দেশের হয়ে এই স্তরে প্রতিনিধিত্ব করা ও নেতৃত্ব দেওয়া সত্যিই সম্মানের বিষয়। আজ মাঠে যা হয়েছে তাতে আমি খুশি। গুরুত্বপূর্ণ রান করে দলকে জেতাতে পেরেছি, যা এই আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।'

তিনি আরও বলেন, 'সমর্থকদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। বছরের পর বছর তারা যেভাবে আমাকে সমর্থন করেছে এবং পাশে থেকেছে, তা সত্যিই অসাধারণ। আমি তাদের প্রতি আমার ভালোবাসা ও সম্মান জানাতে চাই।'

বিসিসিআইয়ের নির্বাচকরা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই পরিবর্তন এনেছেন বলে জানা গেছে। দলের ভবিষ্যৎ কাঠামো ও নতুন নেতৃত্ব গড়ে তোলাই এর মূল লক্ষ্য।

আরো পড়ুন: