যদিও শেষদিকে টানা হারে প্লে অফে খেলা হয়নি পাঞ্জাবের। তবে আইপিএল শেষেই সুখবর পেয়েছেন আইয়ার। ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন তিনি। আইয়ারকে অধিনায়ক করায় দারুণ খুশি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মনে করেন, গত কয়েক বছরের ধারাবাহিক পরিশ্রমেরই স্বীকৃতি এটি।
টাইমস অব ইন্ডিয়াকে পন্টিং বলেন, ‘গত তিন বা চার বছরে সে যা করেছে, এটা তারই বড় স্বীকৃতি। তিন বছর আগের আইপিএলের কথা ভাবুন। সে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জিতিয়েছে। গত বছর পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছে। এ বছরও দারুণভাবে দলকে নেতৃত্ব দিয়েছে, যদিও আমরা কোয়ালিফায়ারে যেতে পারিনি। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গত কয়েক বছরে সে যেভাবে নিজেকে পরিচালনা করেছে।’
পন্টিং মনে করেন ভারতীয় দলে সুযোগ না পাওয়া বড় ধাক্কা হয়ে এসেছিল আইয়ারের জন্য। তবে এই ব্যাটার সেই কঠিন সময়েও ভেঙে পড়েননি। আইয়ার সেই সময় কঠোর পরিশ্রম করেছেন। পন্টিংয়ের বিশ্বাস আইয়ার চার-পাঁচ বছর আগের তুলনার এখন আরও ভালো অবস্থানে আছেন।
পন্টিং যোগ করেন, ‘হয়তো এমন সময় এসেছে, যখন সে মনে করেছে ভারতের আরও কিছু দলে তার সুযোগ পাওয়া উচিত ছিল। কিন্তু সে সবসময় আবার কাজে ফিরে গেছে। মাথা নিচু করে কঠোর পরিশ্রম করেছে। আমার মনে হয়, চার বা পাঁচ বছর আগের তুলনায় এখন সে অনেক ভালো ক্রিকেটার।’
আইয়ারকে দলে নিতে পন্টিং নিজে নির্বাচকদের অনুরোধ করেছিলেন বলে জানিয়েছেন পন্টিং। তিনি যোগ করেন, ‘আমি শুরু থেকেই এই দায়িত্বের জন্য তাকে সমর্থন করেছি। ভারতীয় নির্বাচকদের বলেছি, যদি তাকে সুযোগ দেয়া হয়, তারা হতাশ হবে না। এটা বড় অর্জন। দীর্ঘ সময়ের কঠোর পরিশ্রমের দারুণ স্বীকৃতি। আমার বিশ্বাস, ভারতের অধিনায়ক হিসেবে সে অসাধারণ কাজ করবে।’