বাংলাদেশ সফর থেকে ছিটকে যেতে পারেন মার্শ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
মিচেল মার্শ, ফাইল ফটো
মিচেল মার্শ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গোড়ালির চোটের কারণে পাকিস্তান সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল মার্শ। বাংলাদেশের বিপক্ষে সিরিজেও তার খেলাও এখন অনিশ্চিত। ফলে পাকিস্তান ও বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা আছে জশ ইংলিসের।

লক্ষ্মৌ সুপার জায়ান্টসের সবশেষ ম্যাচে খেলেননি মার্শ। ১৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে লক্ষ্মৌর এর আগের ম্যাচের পরই দেশে ফিরে যান তিনি। পাকিস্তানের বিপক্ষে ৩০ মে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। এরই মধ্যে দলের বেশিরভাগ সদস্য রাওয়ালপিন্ডিতে পৌঁছেও গেছেন।

তবে পুরোনো গোড়ালির সমস্যা আবারো ফিরে আসায় পাকিস্তানের বিমানে উঠেননি মার্শ। শেষ পর্যন্ত পুরো সিরিজ থেকেই তার নাম সরিয়ে নেয়া হয়েছে। ৯ জুন মিরপুরে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ১৭ জুন শুরু হওয়া টি–টোয়েন্টি সিরিজে তার খেলাও এখন অনিশ্চিত।

মার্শের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে ওয়ানডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন ইংলিস। আইপিএল প্লে–অফে ব্যস্ত থাকায় সফরে নেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও সহ-অধিনায়ক ট্রাভিস হেড। ২০২৪ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন ইংলিস। পাকিস্তান সফরে নেই জশ হ্যাজলউড ও মিচেল স্টার্কও। হ্যাজলউড ২০২২ সালে একটি ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন।

আইপিএল প্লে–অফে খেলার সম্ভাবনা থাকায় পাকিস্তান সিরিজের দলে রাখা হয়নি কুপার কনোলি, জাভিয়ার বার্টলেট ও বেন ডোয়ারশুইসকে। তবে তাদের দল শেষ সাত ম্যাচের ছয়টিতে হেরে প্লে–অফে উঠতে ব্যর্থ হয়েছে। এখনও মার্শের বদলি ঘোষণা করা হয়নি। তবে শেষ আইপিএল ম্যাচের পর দেশে ফেরা কনোলিকে পাকিস্তানে পাঠানোর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সিরিজের জন্য অবশ্য কনোলি, বার্টলেট, ডোয়ারশুইস ও হেড চারজনকেই দলে রাখা হয়েছে।

মার্শের অনুপস্থিতি ওপেনিংয়ে অজিদের জন্য বড় ধাক্কা । আইপিএলের দ্বিতীয় ভাগে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। লক্ষ্মৌর হয়ে শেষ চার ইনিংসে ১১১, ১০, ৯০ ও ৯৬ রানের ইনিংস খেলেন মার্শ। পুরো টুর্নামেন্টে সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ব্যাটার।

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে মার্শ ও হেডই অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের ওয়ানডে ওপেনার। পাকিস্তান সিরিজে হেড না থাকায় মার্শের সঙ্গে ওপেন করার কথা ছিল ম্যাথু শর্টের। এখন মার্শও না থাকায় দ্বিতীয় বিকল্প ওপেনার খুঁজতে হবে নির্বাচকদের।

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, পাকিস্তান ও বাংলাদেশ সিরিজে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিচের দিকে ব্যাট করিয়ে দেখার পরিকল্পনা রয়েছে তাদের। ওয়ানডে দলে গ্লেন ম্যাক্সওয়েলেরও বিকল্প খুঁজছে অস্ট্রেলিয়া।

আরো পড়ুন: