বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ ঢাকা ১৩ আসনে ভোট দিয়েছেন। সঙ্গে ছিলেন তার স্ত্রীও। এদিন দুপুর নাগাদ মিরপুরের কিশলয় স্কুলে নিজের ভোট প্রদান করেন তিনি। তিনি ঢাকায় আরও খেলার মাঠ চান। যাতে করে নতুন নতুন ক্রিকেটার উঠে আসতে পারেন।
এ প্রসঙ্গে ফারুক বলেন, 'উনার (তারেক রহমান) ছোট ভাইয়ের সাথে কাজ করেছি। খুবই ক্রীড়া প্রেমী একটা পরিবার আমার মনে হয় এবং সেও একটা বক্তৃতায় বলেছে ৪০-৫০ টা মাঠ করতে চায় ঢাকা শহরে। যেটা একটা বিরাট ব্যাপার, আপনি জানেন মাঠের কোন বিকল্প নেই।'
ঢাকার মোহাম্মদপুরে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি আশাবাদী নির্বাচিত সরকার দেশের ক্রিকেটের চলমান সমস্যাগুলো সমাধান করবে। বিশেষ করে ঢাকার ক্লাবগুলোর মধ্যে দ্বন্দ্ব নিরসনে নির্বাচিত সরকার ভূমিকার আশায় আছেন তিনি।
নান্নু বলেন, 'নির্বাচিত সরকারকে এটা সমাধান করতেই হবে। এখন যে ক্লাবদের মধ্যে একটা ভাগাভাগি হয়ে গেছে এটা একটা সমাধান করতে হবে। কারণ এভাবে আমরা ক্রিকেটকে এগিয়ে নিতে পারব না। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদেরকে এগিয়ে যেতে হবে।'
মোহাম্মদপুরেই প্রথমবারের মতো ভোট দিয়ে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ দেশের নিজের প্রত্যাশা জানিয়ে বলেন, 'সচেতন নাগরিক হিসেবে আমারও উচিত ভোট দেয়া, যেই নির্বাচিত হবেন ইনশাল্লাহ আমাদের দেশের উন্নয়ন করবে।'