জাকেরের ক্যারিয়ার সেরা ইনিংসে বড় ম্যাচে আবাহনীর বিশাল জয়

ডিপিএল
জাকের আলী অনিক
জাকের আলী অনিক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জাতীয় দল থেকে বাদ পড়ার পর এবারের ঢাকা প্রিমিয়ার লিগেও শুরুটা ভালো হয়নি জাকের আলী অনিকের। প্রথম পাঁচ ম্যাচে মোটে ৯৭ রান করা জাকের জ্বলে উঠলেন প্রাইম ব্যাংকের বিপক্ষে বড় ম্যাচেই। লিস্ট 'এ' ক্রিকেটে নিজের তৃতীয় সেঞ্চুরিতে আবাহনীকে ৩৪১ রানের চূড়ায় পৌঁছে দেন এই ব্যাটার। সাথে মাহিদুল ইসলাম অন্কনও করেন হাফ সেঞ্চুরি। জবাব দিতে নেমে কোনো লড়াই গড়তে পারেনি প্রাইম ব্যাংক। ১০৬ রানে জিতে প্রাইম ব্যাংককে টুর্নামেন্টের প্রথম হার উপহার দেয় আবাহনী। টানা চতুর্থ জয় তুল নিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলকে ভালো সূচনা এনে দেন দারুণ ফর্মে থাকা শাহাদাত হোসেন দীপু ও আজিজুল হাকিম তামিম। প্রাইম ব্যাংক শিবিরে প্রথম আঘাত হানেন পেসার খালেদ আহমেদ। ৪২ বলে ৩৪ রান করে মিড উইকেটে রাকিবুল হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান দীপু। আরেক ওপেনার তামিম রান আউটের শিকার হন। এরপর তিন নম্বরে নামা আরিফুলকে বোল্ড করে প্রাইম ব্যাংককে চাপে ফেলেন সৈকত। চার রানের মধ্যে তিন উইকেট হারায় প্রাইম ব্যাংক।

‎বেশিক্ষণ টেকেননি মাহমুদউল্লাহ রিয়াদও। ১৯ বলে ১১ রান করে মাহফুজুর রাব্বির বলে লং অনে জাকেরের হাতে ক্যাচ দিয়ে আউট হন রিয়াদ। অনেকটা একই কায়দায় আউট হন আকবর আলীও। ২১ বলে ২৩ রান করে রাব্বির দ্বিতীয় শিকার হন তিনি। এরপর একপ্রান্তে প্রাইম ব্যাংকের হাল ধরেন শামীম হোসেন পাটোয়ারী। দুইটি ছক্কা ও ছয়টি চারে ফিফটি তুলে নেন শামীম।

‎কিন্তু শামীমকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। ৩৭ তম ওভারে ৪৬ বলে ৫১ রান করা শামীমকে সৈকত ডিপ মিড উইকেট অঞ্চলে খালেদের ক্যাচে পরিণত করেন। এরপর একের পর এক উইকেট হারিয়ে ২৩৫ রানেই গুটিয়ে যায় প্রাইম ব্যাংকের ইনিংস। আবাহনীর হয়ে রাব্বি তিনটি, রাকিবুল হাসান ও সৈকত দুইটি করে এবং খালেদ ও জিশান আলম একটি করে উইকেট নেন।

‎এর আগে বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নামে আবাহনী। উদ্বোধনী জুটিতে ৩৫ রান তোলেন জিশান ও সৌম্য সরকার। সপ্তম ওভারে এই জুটি ভাঙেন টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা আলিস আল ইসলাম। ১৯ বলে ১৩ রান করে আলিসের বলে বোল্ড হন সৌম্য। এরপর ২২ বলে ২৯ রান করে আবু হাসিমের বলে আউট হয়ে যান জিশানও।

‎তৃতীয় উইকেট জুটিতে অন্কনকে সাথে নিয়ে ১২২ রানের জুটি গড়েন জাকের। টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেন অন্কন। ৮৫ বলে চারটি ছক্কা ও তিনটি চারে ৭৫ রান করে হাসিমের বলে বোল্ড হন অন্কন। তবে অন্যপ্রান্তে নিজের লিস্ট 'এ' ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন জাকের। ১০৩ বলে ৯টি ছক্কা ও দশটি চারে ১৩৩ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তিনি।

‎শেষদিকে অধিনায়ক সৈকত ৩০ ও মেহেরব হোসেনের ৩৪ বলে ৪২ রানে ভর করে ৩৪১ রানের বিশাল সংগ্রহ পায় বর্তমান চ্যাম্পিয়নরা।প্রাইম ব্যাংকের পেসার এনামুল হক তিনটি ও আবু হাসিম, আলিস দুইটি করে এবং আবু হায়দার রনি একটি উইকেট নেন।

শেষ ওভারের নাটকীয়তায় টুর্নামেন্টের প্রথম জয় রূপগঞ্জ টাইগার্সের

‎ষষ্ঠ রাউন্ডে আরেক ম্যাচে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মাঠে মুখোমুখি হয়েছিল রূপগঞ্জ টাইগার্স ও ব্রাদার্স ইউনিয়ন। রূপগঞ্জের দেয়া ২৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে আদিল বিন সিদ্দিক ও শরিফুল ইসলামের হাফ সেঞ্চুরিতে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ব্রাদার্স। ৮৩ রানে অপরাজিত থেকে শেষ পর্যন্ত লড়াই করলেও শেষ ওভারের নাটকীয়তায় ১ রানে ম্যাচ হারে তারা। রূপগঞ্জ টাইগার্সের হয়ে হুমায়ুন আহমেদ চার উইকেট নেন।

‎এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক মাহমুদুল হাসানের ফিফটিতে ভালো সূচনা পায় রূপগঞ্জ। পাঁচ নম্বরে নামা মোহাম্মদ আবদুল্লাহ ৭৫ বলে ৮১ রানে অপরাজিত থাকলে ২৩৮ রানের পুঁজি পায় তারা। ষষ্ঠ ম্যাচে এটি রূপগঞ্জের প্রথম জয়। অন্যদিকে ছয় ম্যাচে ব্রাদার্সের জয়ও মাত্র একটি। পয়েন্ট তালিকার শেষ দুটি স্থানে আছে এই দুই দল।

আরো পড়ুন: