এই জায়গায় অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। বেশ কয়েকটি আন্তর্জাতিক স্টেডিয়াম থাকলেও সেখানে নেই কোনো ক্রিকেটারের নামে স্ট্যান্ড। এ নিয়ে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের আক্ষেপও অনেক। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন তিনি নির্বাচিত হলে এই ব্যাপারে পদক্ষেপ নেবেন।
মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে তিনি বলেন, 'এটা আমাদের হওয়া উচিতও (ক্রিকেটারদের নামে স্ট্যান্ড)। তবে আমাদের খুব সতর্ক থাকতে হবে যে আমরা কাকে কাকে ওই নামগুলো দিয়ে সম্মান দিচ্ছি। কারণ একজনকে নাম দিয়ে দিলাম, আরেকজন কষ্ট পেল। হয়তোবা যখনই যারই নাম দিই, কেউ না কেউ এটা নিয়ে একটা আপত্তি থাকতেই পারে। তো এটা নিয়ে আমরা পরিকল্পনা করছি যে আসলে কোন পদ্ধতিতে যাব।'
মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেটারদের জন্য স্ট্যান্ড হবে নাকি ক্রিকেটারদের নিজ শহরের স্টেডিয়ামে তাদের নামে স্ট্যান্ড থাকবে এই বিষয়ে আলোচনা প্রয়োজন। এমনকি বিভিন্ন সংগঠক যারা বাংলাদেশের ক্রিকেটের জন্য বিপুল অবদান রেখেছেন তাদেরকেও বঞ্চিত করতে চান না তামিম।
তিনি যোগ করেন, 'নিজের শহরের খেলোয়াড়দের নাম দিব না জাতীয় স্টেডিয়ামে জাতীয় খেলোয়াড়দের নাম দিব। আবার এখানে কিছু সংগঠক আছেন, তাদের বাংলাদেশ ক্রিকেটে বিশাল অবদান। তাদেরও নাম থাকা উচিত আমি মনে করি। এটা একটা পরিকল্পনা করছি। আশা করি এই অ্যাডহক কমিটি থাকতে করতে পারব কি না জানি না। তবে আশা করি যদি নির্বাচিত হয়ে আসি ভবিষ্যতে, সামনে তো নির্বাচন।'
সাবেক ক্রিকেটারদের পরিসংখ্যান বিবেচনা করে সাবেকদের খাটো করতে নারাজ তামিম। তাদের অবদান স্বীকার করে তিনি বলেন, 'কারোর গড় ৫০ থাকতে হবে এটা শর্ত না। আমাদের ওই সময় যারা খেলেছেন তাদের যদি গড় ১০-ও হয়ে থাকে, তবে ওই ১০ রানের অবদানও ছিল বিশাল ওই সময়ের জন্য। তো যারা যে অবদান করেছেন, তাদের পরিসংখ্যান বা অন্য যেকোনো কিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। আমরা এই জিনিসটা খুব বিচক্ষণতার সাথে চিন্তা করে কোন জায়গায় কাকে আমরা নাম দিতে পারি, এই জিনিসটা আমি ইনশাআল্লাহ আশা করি এটা আমি করে দিয়ে যাব।'