চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে মিঠুনের লেপার্ডসের চমক

ডিপিএল
ওয়ালটন
ওয়ালটন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সৌম্য সরকার রানের খাতাই খুলতে পারলেন না। জিসান আলম, জাকের আলী অনিকরা রানের খাতা খুললেও কেউই ইনিংস বড় করতে পারেননি। মাহিদুল ইসলাম অঙ্কন, এসএম মেহেরব, মোসাদ্দেক হোসেন সৈকতরা ভালো শুরু পেলেও প্রত্যাশা মেটাতে পারেননি। শেষ বেলায় সাব্বির রহমানের ঝড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পায় আবাহনী। সহজ রান তাড়ায় জাকির হাসানের হাফ সেঞ্চুরি ও সৈকত আলী, জাওয়াদ আবরার ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে ৫ উইকেটের জয় পেয়েছে ঢাকা লেপার্ডস। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম রাউন্ডেই বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর হোঁচট।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে রান তাড়ায় লেপার্ডসকে ভালো শুরু এনে দেন জাকির ও জাওয়াদ। ইনিংসের ষষ্ঠ ওভারে জাওয়াদকে ফিরিয়ে ৩৪ রানের জুটি ভাঙেন মেহেরব। ডানহাতি স্পিনারের বলে জাকেরের হাতে ক্যাচ দিয়েছেন ১৮ বলে ২৩ রানের ইনিংস খেলা জাওয়াদ। এরপর সৈকতকে সঙ্গে নিয়ে পঞ্চাশ রানের জুটি গড়েন জাকির। তারা দুজনে মিলে লেপার্ডসকে এগিয়ে নিয়েছেন। ভালো শুরু পেলেও ২৮ রান করে ফিরতে হয় সৈকতকে। ডানহাতি ব্যাটারকে সৌম্যর হাতে ক্যাচ বানিয়েছেন মোসাদ্দেক।

তৃতীয় উইকেটে মিঠুন ও জাকির মিলে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দারুণ ব্যাটিংয়ে ৪৮ বলে হাফ সেঞ্চুরি করেন। তবে সেঞ্চুরি পাওয়া হয়নি জাকিরের। ছয়টি চার ও তিনটি ছক্কায় ৬৬ বলে ৭৪ রানের ইনিংস খেলে মাহফুজুর রহমান রাব্বির বলে আউট হয়েছেন বাঁহাতি ওপেনার। জাকিরের বিদায়ে ভাঙে মিঠুনের সঙ্গে ৭৩ রানের জুটি। লেপার্ডস যখন জয় থেকে ৯ রান দূরে তখন আউট হয়েছেন ৩৭ রান করা মিঠুন। শেষ ওভারে আলাউদ্দিন বাবু চার মেরে লেপার্ডসের জয় নিশ্চিত করেছেন।

এর আগে ৩০ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৮১ রান তোলে আবাহনী। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে সর্বোচ্চ ২৯ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেছেন সাব্বির। পাঁচটি ছয়ের সঙ্গে দুইটি চার মেরেছেন তিনি। এ ছাড়া আবাহনীর হয়ে অঙ্কন ৩৮, মেহেরব ৩৮ ও মোসাদ্দেক ১৭ রান করেছেন। লেপার্ডসের হয়ে মইন খান তিনটি ও আল ফাহাদ দুইটি উইকেট নিয়েছেন।

আরো পড়ুন: