সিরিজ জয় নিউজিল্যান্ডের জন্য অনেক বড় অর্জন হবে: স্মিথ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাথান স্মিথ, ক্রিকফ্রেঞ্জি
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাথান স্মিথ, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে অসম কন্ডিশনে মানিয়ে নিয়ে সিরিজের প্রথম ম্যাচে জিতে ইতোমধ্যেই এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। এবার সিরিজ জয়ে চোখ দলটির। তুলনামূলক খর্ব শক্তির দলটি যদি বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে পারে, সেটা দারুণ কিছুই হবে বলে বিশ্বাস নাথান স্মিথের।

আইপিএলে ব্যস্ত সময় পার করছেন মিচেল সান্টনার, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপসরা। পিএসএলে খেলছেন ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েলের মতো ক্রিকেটাররা। অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে আসে নিউজিল্যান্ড। অধিনায়ক টম লাথামের নেতৃত্বে বাংলাদেশে যারা খেলতে এসেছেন তাদের প্রায় সবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও অভিজ্ঞতায় অনেকটা পিছিয়ে থাকবেন।

বাংলাদেশ সফরের ওয়ানডে দলে থাকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ অধিনায়ক লাথাম। এখনো পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ১৬৪ ওয়ানডে খেলেছেন বাঁহাতি এই ব্যাটার। বাকিরা জাতীয় দলের হয়ে কেউ দুইটি আবার কেউ খেলেছেন চারটি ৫০ ওভারের ম্যাচ।

এমন দল নিয়েই অবশ্য সিরিজ জেতার অভিপ্রায়ের কথা জানিয়েছিলেন লাথাম। এবার প্রথম ম্যাচ জিতে যাওয়ার পর অলরাউন্ডার স্মিথ জানালেন, বাংলাদেশকে এখনো সমীহ করলেও সিরিজেই চোখ রাখছে তারা।

স্মিথ বলেন, 'এটা (সিরিজ জয়) বিশাল একটা ব্যাপার হবে। বাংলাদেশ অনেক শক্তিশালী দল। নিউজিল্যান্ড ক্রিকেট সবসময় কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করে। আমাদের দলে এখন অনেক গভীরতা আছে। মূল দলের বাইরে থাকা খেলোয়াড়রা এই কন্ডিশনে এসে যখন ভালো পারফর্ম করে, তখন তাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়।'

'আমরা বিদেশের মাটিতে এমন কন্ডিশনে খেলতে চাই এবং শিখতে চাই কীভাবে জিততে হয়। গত ম্যাচে বাংলাদেশকে চাপে রাখাটা ছিল আনন্দের বিষয়, তাই সিরিজ জয় আমাদের জন্য অনেক বড় অর্জন হবে।'

প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড করে আট উইকেটে ২৪৭ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ করে ৪৮.৩ ওভারে ২২১ রান। কিউইদের হয়ে চারটি উইকেট নেন ব্লেয়ার টিকনার। তিনটি উইকেট নেন স্মিথ।

মূলত প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের বোলিং দেখে দ্বিতীয় ইনিংসে সেটিকে কাজে লাগিয়েছেন স্মিথ-টিকনাররা। প্রথম ইনিংসে ১০ ওভারে দুটি মেডেন দিয়ে দুই উইকেট নেন টাইগার পেসার শরিফুল ইসলাম।

সেই ম্যাচে 'অপরিচিত' কন্ডিশনে মানিয়ে নেয়া প্রসঙ্গে স্মিথ বলেন, 'প্রথম ইনিংসে আমাদের ব্যাটারদের দেয়া তথ্যের কারণে উইকেটে মানিয়ে নিতে পেরেছি। উইকেট কেমন আচরণ করছে সেটা তারা আমাদের এসে বলেছিল। শরিফুলের প্রথম বলটি নিচু হয়েছিল এবং নিক কেলিকে প্রায় আউট করে দিচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম শরিফুল কোন লেংথে বল করছিল এবং আমরাও সেই লেংথেই বল করার চেষ্টা করেছি।'

'উইকেটে কিছুটা অসম বাউন্স ছিল এবং পরে টিকনার কিছু স্লোয়ার বল করেছিল যা উইকেটে থমকে যাচ্ছিল। (উইকেটে মানিয়ে নেয়ার) মূল কারণ ছিল ব্যাটারদের তথ্যগুলো বোলারদের কাছে পৌঁছে দেয়া এবং স্টাম্পের লাইনে বেশিক্ষণ বল করে যাওয়া।'

আরো পড়ুন: