দল বদলে তিনি এবার মাঠে নামবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। ২০২৫ সালের বিপিএলে ফিক্সিংয়ে জড়িত ছিলেন সন্দেহে অঘোষিত নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তার ওপর। এ কারণে বিপিএলের সর্বশেষ আসরেও খেলা হয়নি বিজয়ের। প্রিমিয়ার লিগের দল বদলের প্রথম দিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সব বিষয় নিয়ে খোলাসা করেছেন তিনি।
গত ৭ এপ্রিল তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেবার পর তার সাথে কথা বলেছেন বিজয়। তিনি নতুন সভাপতির আশ্বাসে ফেরার অনুপ্রেরণা পেয়েছেন। বিজয় জানিয়েছেন নতুন বোর্ড সভাপতি তার কথা বেশ গুরুত্ব দিয়েছেন এবং সম্মানের সঙ্গে কথা বলেছেন। বোর্ডের কাছ থেকে এমন ব্যবহারই তিনি আশা করেন বলেও জানিয়েছেন।
বিজয় বলেন, 'বিসিবিকে দুঃখ প্রকাশ করতে হবে এমন নয়। মানে, আমি যে কিছু করিনি সেই জিনিসটা স্বীকার করা বা সেটা সামাজিক মাধ্যমে তুলে ধরা এবং আমাকে জিনিসটাকে বলা যে ব্যাপারটাকে এভাবে না এভাবে বর্ণনা করা হয়েছে। দেখেন সংবাদমাধ্যমেও কিন্তু একেকজন একেকভাবে এটাকে বর্ণনা করেছে এবং বিপিএলের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উপস্থাপন করছে আমাকে। সেটাও তো এক ধরনের ভালো জিনিস ছিল না।'
নতুন বোর্ড সভাপতি তামিমের সাথে আলোচনা প্রসঙ্গে বিজয় বলেন, 'আমি চেয়েছি বিসিবি যেন এই জিনিসটাকে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করে এবং এটা এখনো চাই, এটা আলাদা কিছু না। আমার ব্যক্তিগতভাবে সভাপতির সাথে কথা হয়েছে এবং বিসিবির সাথে কথা হয়েছে তারা আমাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। সম্মানের সাথে কথা বলেছে এবং আশা করি এই জিনিসটা চলমান থাকবে।'
বিজয় জানান এসব বিষয় নিয়ে মানসিক ও শারীরিকভাবে বড় ধাক্কা খেয়েছেন তিনি। প্রিমিয়ার লিগের জন্য এখনও নিজেকে শতভাগ তৈরি বলতে পারছেন না তিনি। তবে প্রায় দুই সপ্তাহের মতো সময় আছে। এই সময়ের মধ্যেই নিজেকে শতভাগ তৈরি করতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
বিজয় বলেন, 'আসলে একদম ১০০ ভাগ তৈরি বলবো না যেটা খুবই সত্য। কিন্তু আমার হাতে প্রায় ১৫ দিন সময় আছে এবং মানসিক প্রস্তুতি নিয়েছি সাথে অনুশীলনও করছিলাম গত কিছুদিন ধরে। তাই আশা করি প্রিমিয়ার লিগের আগেই খুব ভালোমতো ১০০ ভাগ তৈরি হয়ে যাবে।'