প্রিমিয়ার লিগ মাঠে ফেরানোয় তামিমকে কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ

ডিপিএল
মাহমুদউল্লাহ রিয়াদ, ক্রিকফ্রেঞ্জি
মাহমুদউল্লাহ রিয়াদ, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিসিবির সর্বশেষ নির্বাচনে পক্ষপাতের অভিযোগে অংশ নেননি ঢাকার শীর্ষস্থানীয় ক্লাবগুলোর কাউন্সিলররা। নির্বাচনের পর অনির্দিষ্টকালের জন্য ঘরোয়া ক্রিকেট বয়কটের ডাক দিয়েছিলেন তারা। ফলে নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি বাংলাদেশের একমাত্র লিস্ট 'এ' মর্যাদার টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগও (ডিপিএল)।

যদিও ৭ এপ্রিল তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙে দেয় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। এডহক কমিটিকে দায়িত্ব দেয়া হয় বিসিবির। এই কমিটির সভাপতির দায়িত্বে আছেন তামিম ইকবাল। তিনি দায়িত্ব নিয়েই ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে ফেরাতে তোড়জোড় শুরু করেন।

ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পর সম্ভাব্য সূচি নিয়েও কথা বলেছে বিসিবি। সেই সূত্র ধরেই ১৮ এপ্রিল ও ১৯ এপ্রিল হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। প্রিমিয়ার লিগ নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন ক্রিকেটাররা। দেশের বেশিরভাগ ক্রিকেটারেরই প্রধান রুটি রুজির মাধ্যম এই প্রিমিয়ার লিগ।

এই ঘরোয়া টুর্নামেন্ট মাঠে ফেরানোর সব কৃতিত্ব তামিমকে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। শনিবার প্রিমিয়ার লিগের দলবদল করতে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে সিসিডিএম কার্যালয়ে এসেছিলেন মাহমুদউল্লাহ। তিনি এবার মোহামেডান স্পোর্টিং ক্লাব ছেড়ে নাম লিখিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে।

এদিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাহমুদউল্লাহ বলেন, 'আমার মনে হয় এর কৃতিত্ব তামিমের, কারণ ও আসলো এবং এই উদ্যোগটা নিলো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দিনশেষে ক্রিকেটাররা... অবশ্যই এটা আমাদের অন্যতম বড় একটা উপার্জনের উৎস, কিন্তু দিনশেষে ক্রিকেটাররা সবসময় মাঠে থাকতে চায়, মাঠে খেলতে চায়। এর চেয়ে বড় কিছু হতে পারে না।'

প্রিমিয়ার লিগ মাঠে ফেরার স্বস্তি নিয়ে মাহমুদউল্লাহ বলেন, 'এটা খুবই স্বস্তিকর সব ক্রিকেটারদের জন্য যে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াচ্ছে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিলাম। তাই এটাই সবচেয়ে স্বস্তিকর এবং আনন্দদায়ক খবর।'

প্রাইম ব্যাংক দল নিয়ে দারুণ খুশি মাহমুদউল্লাহ। এই দলের হয়েই খেলবেন আজিজুল হাকিম তামিম। শামীম পাটোয়ারি, রায়ান রাফসান ও তানজিম হাসান সাকিবের মতো ক্রিকেটার। মাহমুদউল্লাহ মনে করেন অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দারুণ দল গড়েছে এবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

তিনি বলেন, 'ব্যক্তিগতভাবে আমি দল নিয়ে খুবই খুশি। দলটা যেভাবে সাজানো হয়েছে, আমার মনে হয় তা একদম ঠিক আছে। টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার... আজিজুল হাকিম তামিম আছে, দিপু আছে, মিডল অর্ডারে আমি আছি, পাটোয়ারি আছে এবং আরো কয়েকজন তরুণ খেলোয়াড় আছে। এবং একই সাথে পেস বোলিং বিভাগও ভালো, স্পিন বিভাগও ভালো। আলিস আছে, রাফসান আছে, তানজিম সাকিব আছে, এনামুল আছে।'

আরো পড়ুন: