সিরিজটি ৫ জুন শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে নেয়া হয়েছে ৯ জুন। পরের দুই ম্যাচ ১১ ও ১৪ জুন। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে ১৭, ১৯ ও ২১ জুন। এর মধ্যে দিয়ে দীর্ঘ ১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অজিরা। এর আগে ২০০৬ ও ২০১১ সালে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া।
সর্বশেষ ২০১১ সালে তারা বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজ খেলেছিল, সেই সিরিজে মাইকেল ক্লার্কের নেতৃত্বে দলটি সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল। বাংলাদেশের মাঠে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি খেলতে একবারই এসেছিল অজিরা। ২০২১ সালে সেই সিরিজে বাংলাদেশ জিতেছিল ৪-১ ব্যবধানে।
এর আগে ২০০৬ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাবিবুল বাশারের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারায়। এবার অস্ট্রেলিয়া তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সম্প্রচার জটিলতার কারণে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার আগের সিরিজটি দেখা যায়নি অস্ট্রেলিয়ায়।
চলতি সপ্তাহে নতুন সম্প্রচার স্বত্ব চুক্তি হওয়ায় অস্ট্রেলিয়ার আগের সফরের মতো সম্প্রচার বন্ধ থাকার ঘটনা এবার ঘটবে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালের পর এই প্রথম বাংলাদেশের মাটিতে সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজ অস্ট্রেলিয়ায় সরাসরি দেখা যাবে।