পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স
এশিয়ান ক্রিকেট কাউন্সিল
এশিয়ান ক্রিকেট কাউন্সিল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইশমা তানজিম, শামীমা সুলতানা ও শারমিন সুলতানা ভালো শুরু পেলেও কেউই ইনিংস বড় করতে পারেননি। তবে বাংলাদেশের হাল ধরে ৩২ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলেন ফাহিমা খাতুন। অধিনায়কের ব্যাটেই শেষ পর্যন্ত একশ ছাড়ানো পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা। স্বল্প ‍পুঁজি নিয়েই বাংলাদেশকে জেতানোর কাজটা করেছেন সানজিদা আক্তার মেঘলা ও ফাহিমা।

তাদের দুজনের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ৫৬ রানে অল আউট করে ৫৪ রানের জয় পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে জায়গা করে নিয়েছেন ফাহিমারা। থাইল্যান্ডের ব্যাংককে ২২ ফেব্রুয়ারি হতে যাওয়া এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ ভারত ‘এ’ দল।

রান তাড়ায় ইনিংসের তৃতীয় ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দেন ফারিহা ইসলাম। ১২ বলে ৪ রান করা ইমান নাসেরকে ফেরান তিনি। পরের ওভারে সানজিদা আক্তার মেঘলা বিদায় করেছেন হুরাইনা সাজ্জাদকে। পরবর্তীতে সাওয়াল জুলফিকার এবং ওমাইমা সোহেল মিলে জুটি গড়ার চেষ্টা করলেও সেটা বড় করতে দেননি ফাহিমা। ১৭ বলে ১৪ রান করা জুলফিকারকে ফেরান বাংলাদেশের অধিনায়ক।

নিজের দ্বিতীয় ওভারে গুল রাখ এবং ওমাইমাকে বিদায় করেন ফাহিমা। পাকিস্তানের রান পঞ্চাশ হওয়ার আগে। ইউশরা আমির এবং ওয়াদিরা আক্তারের বিদায়ে আরও বিপাকে পড়ে তারা। অধিনায়ক হাফসা খালিদের ১২ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে। পাকিস্তানকে ৫৬ রানে অল আউট করার দিনে বাংলাদেশের হয়ে সানজিদা তিনটি ও ফাহিমা দুইটি উইকেট নিয়েছেন।

এর আগে ব্যাংককে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় বাংলাদেশ। পাকিস্তানি বোলিং আক্রমণের সামনে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি টপ অর্ডার ব্যাটাররা। ইশমা ২৩ বলে করেন ১২ রান। শামীমা ১৩ বলে ১৩ ও শারমিন ২০ বলে করেন ১৫ রান। তবে মিডল অর্ডারে একের পর এক ব্যাটারের যাওয়া আসায় বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

লতা মণ্ডল ৫, ফারজানা ইয়াসমিন ৬ এবং শরিফা খাতুন শূন্য রানে ফেরেন। ৮১ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বড় বিপদেই পড়ে যায় বাংলাদেশ ‘এ’। সেই কঠিন সময়েই এক প্রান্ত আগলে রাখেন ফাহিমা। ধৈর্য আর আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দলকে টেনে তোলেন তিনি। ৩২ বলে ৫টি বাউন্ডারিতে অপরাজিত ৪০ রান করে দলকে পৌঁছে দেন ১১০ রানের লড়াকু পুঁজিতে। পাকিস্তানের হয়ে হাফসা খালিদ নেন ২টি উইকেট।