হ্যাটট্রিক শিরোপায় চোখ হান্নানের

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ
হান্নান সরকার, ক্রিকফ্রেঞ্জি
হান্নান সরকার, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিরাপত্তা ঝুঁকি থাকার পরও আইসিসি বাংলাদেশের অনুরোধ না রাখায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে লিটন দাস-মুস্তাফিজুর রহমানদের পাঠায়নি বাংলাদেশের সরকার। বিশ্বকাপে না যাওয়ায় স্বাভাবিকভাবেই অবসর সময় কাটানোর কথা জাতীয় দলের ক্রিকেটারদের। তবে অবসর সময়ে ক্রিকেটারদের মাঠে রাখতে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ধুমকেতু একাদশ, দুরন্ত একাদশ ও দুর্বার একাদশ নামে তিনটি দল নিয়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে টুর্নামেন্ট। বিশ্বকাপ দলে ছিলেন এমন ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের আশেপাশে আছেন এবং তরুণ ক্রিকেটারদের নিয়ে দলগুলো সাজাতে হয়েছে। জাতীয় দলের ক্রিকেটাররা থাকলেও অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপকে বিশ্বকাপের সঙ্গে মেলাতে চান না হান্নান সরকার।

দুরন্ত একাদশের প্রধান কোচ বলেন, ‘বিশ্বকাপের সঙ্গে আমি কোনোভাবেই এটার (অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ) তুলনা করতে চাই না। বিশ্বকাপ পুরোপুরি আলাদা একটা বিষয়। কিন্তু ওই যে একদমই না পাওয়ার চেয়ে কিছু একটা পাওয়ার মতো করে এটাকে ইতিবাচকভাবে দেখছে এবং চিন্তা করছে (খেলোয়াড়রা)।’

ধুমকেতু একাদশকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। সেই দলে রাখা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে থাকা প্রায় বেশিরভাগ ক্রিকেটারকেই। লিটনের পাশাপাশি সেই দলে খেলবেন মুস্তাফিজ, শরিফুল ইসলাম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন ও শেখ মেহেদীর মতো ক্রিকেটাররা। নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশে বেশিরভাগই বিশ্বকাপ দলে না থাকা ক্রিকেটার।

একেবারে তরুণ ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে দুরন্ত একাদশে। নেতৃত্ব দেওয়া হয়েছে আকবর আলীকে। অভিজ্ঞতা ও শক্তিমত্তায় তিন দলের মধ্যে তুলনামূলকভাবে সবার চেয়ে পিছিয়ে তারা। হান্নান অবশ্য এসবে খুব বেশি পাত্তা দিচ্ছেন না। দুরন্ত একাদশের প্রধান কোচ জানিয়েছেন, কাগজে-কলমে ফলাফল হয় না বরং ফলাফল হয় মাঠের খেলায়।

তিনি বলেন, ‘কাগজে কলমে হয়তো আমাদের দলটাকে তিন নাম্বারে রাখছেন। কিন্তু আমি সবসময় বিশ্বাস করি কাগজে কলমে ফলাফল হয় না, ফলাফল হয় মাঠের খেলায়। এবং সেই জায়গা থেকেই প্রতিযোগিতামূলক রাখার জন্য কাগজে কলমের তিন নাম্বার দলটা কিভাবে এক নাম্বার হবে সেই প্রতিযোগিতা যদি থাকে নিশ্চিতভাবে বাকি দলগুলোর মধ্যেও সেটাই থাকবে।’

আকবর, জিসান আলমদের পাশাপাশি দুরন্ত একাদশে রাখা হয়েছে কদিন আগে যুব বিশ্বকাপ খেলে ফেরা আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরার ও ইকবাল হোসেন ইমনকে। ডিপিএল, এনসিএল কিংবা বিপিএল খেলার অভিজ্ঞতা থাকায় তাদের নিয়ে আশাবাদী হান্নান। দুরন্ত একাদশের প্রধান কোচ মনে করেন, তরুণদের জন্য টুর্নামেন্টটি একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন।

হান্নান বলেন, ‘জাওয়াদ, তামিম এবং ইমন... তিনজনই কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে। একদম আমাদের বাংলাদেশের যে এলিট লেভেল যেটা হলো ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল বা এনসিএল, প্রতিটা ফরম্যাটেই বা প্রতিটা সেক্টরেই কিন্তু তাদের খেলার অভিজ্ঞতা রয়েছে। একদম এমন না যে তারা অনূর্ধ্ব-১৯ খেলেছে বা ঢাকা প্রথম বিভাগ খেলে এসে গেছে। তাদের ওই অভিজ্ঞতা আছে সর্বোচ্চ স্তরে খেলার। সেখান থেকে তাদের জন্য এটা একটা প্ল্যাটফর্ম নিশ্চিতভাবেই।’

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবশেষ আসরে আবাহনী লিমিটেডের প্রধান কোচ ছিলেন হান্নান। বাংলাদেশের সাবেক ক্রিকেটারের অধীনে চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি। গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন করেছেন রাজশাহী ওয়ারিয়র্সকে। এবার কোচিং করাবেন দুরন্ত একাদশে। তিন দলের টুর্নামেন্টেও শিরোপা জিততে চান তিনি। সেটা জিততে পারলে হ্যাটট্রিক শিরোপা হবে হান্নানের।

দুরন্ত একাদশের প্রধান কোচ বলেন, ‘আমি আসলে ট্রফি জেতার আগেই ট্রফি জেতার কথা বলতে চাই না। কিন্তু স্বপ্ন তো থাকে (শিরোপা জেতার)। যেকোনো কাজেরই একটা লক্ষ থাকে। লক্ষ্য তো ট্রফি। কিন্তু সেটা জেতার সময় কাছাকাছি আসলে তখনই বোঝা যাবে।’

আরো পড়ুন: