আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে আসতে পারেন মাহমুদউল্লাহ, এমন একটা ধারণা ছিল আগে থেকেই। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের সময় একটি ব্যাটিং কর্মশালার জন্য সাবেক অলরাউন্ডারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সেই ব্যাটিং কর্মশালায় অংশ নেননি তিনি।
এমনকি গত বছরের শেষের দিকে গুঞ্জন উঠেছিল ব্যাটিং কোচ হিসেবে মাহমুদউল্লাহকে দায়িত্ব দিতে পারে বিসিবি। তবে সেটা নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেনি কেউই। ডিপিএলের চলতি মৌসুমের আগে মোহামেডান স্পোর্টিং ক্লাব ছেড়ে প্রাইম ব্যাংকে যোগ দেন মাহমুদউল্লাহ। টুর্নামেন্ট চলাকালীনই বাংলাদেশ যুব দলের মেন্টর হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন তিনি।
জানা গেছে, মাহমুদউল্লাহ ও বিসিবি উভয়পক্ষই বিষয়টি নিয়ে ইতিবাচক। ২০২৮ যুব বিশ্বকাপ পর্যন্ত মেন্টরের দায়িত্বে থাকতে পারেন বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক। যুবাদের ক্যাম্পের পাশাপাশি দেশে ও দেশের বাইরের সিরিজেও দেখা যাবে তাকে। দ্রুতই অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজে যোগ দিতে পারেন তিনি।
২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতে খেলেছেন নিজের শেষ টি-টোয়েন্টি। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফিরে অবসর নিয়েছেন ওয়ানডে ক্রিকেট থেকে। বাংলাদেশের হয়ে ৫০ টেস্টে ২ হাজার ৯১৪ রান, ২৩৯ ওয়ানডেতে ৫ হাজার ৬৮৯ রান এবং ১৪১ টি-টোয়েন্টিতে ২ হাজার ৪৪৪ রান করেছেন। তিন ফরম্যাট মিলিয়ে নিয়েছেন ১৬৬ উইকেট।