চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ফেরানোর পরিকল্পনা বাতিল আইসিসির

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি
চেন্নাই সুপার কিংস, ফাইল ফটো
চেন্নাই সুপার কিংস, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এক সময় ক্রিকেটে বেশ জনপ্রিয় ছিল চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের সেরা দলগুলো নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত মাঠে গড়িয়েছে। তবে বন্ধ হয়ে যাওয়া সেই প্রতিযোগিতা ফেরানোর পরিকল্পনা করেও শেষ পর্যন্ত সরে আসতে হয়েছে আইসিসিকে।

নতুন করে প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা ছিল আইসিসির। আইপিএল, বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগসহ বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের দলগুলোকে নিয়ে বড় পরিসরে আয়োজন করার ভাবনা ছিল। বর্তমান সময়ে ঘরোয়া টি-টোয়েন্টি লিগের সংখ্যা বেড়ে যাওয়ায় আগের চেয়ে আরও বেশি দলকে নিয়ে প্রতিযোগিতাটি আয়োজনের সুযোগও দেখেছিল আইসিসি।

মূলত ঘরোয়া টি-টোয়েন্টি লিগগুলো থেকে আইসিসির সরাসরি কোনো আয় নেই। তাই অনেকটা ফিফার ক্লাব বিশ্বকাপের আদলে ক্লাব দলগুলোকে নিয়ে আলাদা একটি প্রতিযোগিতা আয়োজন করে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু ক্রিকেটের তিন প্রভাবশালী দেশ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এতে আপত্তি জানায়।

তিন দেশের আপত্তির মূল কারণ, বর্তমান সূচিতে নতুন কোনো প্রতিযোগিতার জন্য বাড়তি সময় নেই। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যে আরও একটি প্রতিযোগিতা যুক্ত হলে খেলোয়াড়দের ওপর চাপ বাড়বে বলে মনে করছে তারা। তাদের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল করতে হয়েছে আইসিসিকে।

এর ফলে ২০৩১ সাল পর্যন্ত আইসিসির প্রতিযোগিতার সূচিতে বড় কোনো পরিবর্তন আসছে না। আগামী চার বছরের ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ীও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দলের সংখ্যা কিংবা ম্যাচের সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনায় আসতে পারে।

এর বাইরে দুই সংস্করণের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো নির্ধারিত প্রতিযোগিতাগুলোই আয়োজন করবে আইসিসি। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ফেরানোর পরিকল্পনা আপাতত থেমে গেল।

আরো পড়ুন: