ভারত দলে ডাক না পাওয়া হতাশার নয়, এখনও সেরা অবস্থায় আছি: শামি

ভারত ক্রিকেট
মোহাম্মদ শামি, ফাইল ফটো
মোহাম্মদ শামি, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন দেড় বছরেরও বেশি সময় আগে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পরও ভারতের দলে ফেরার সুযোগ মিলছে না মোহাম্মদ শামির। তবে উপেক্ষিত হওয়ার পরও জাতীয় দলে ফেরার আশা ছাড়েননি ৩৬ বছর বয়সী এই পেসার। বরং তার বিশ্বাস, এখনও ক্যারিয়ারের সেরা অবস্থায় আছেন তিনি।

ভারতের জার্সিতে শামিকে সবশেষ দেখা গেছে ২০২৫ সালের মার্চে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওই আসরে বরুণ চক্রবর্তীর সঙ্গে যৌথভাবে দলের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। এরপর জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন ডানহাতি এই পেসার।

গত মৌসুমে রঞ্জি ট্রফিতে বেঙ্গলের হয়ে সাত ম্যাচে ১৬.৭২ গড়ে ৩৭ উইকেট নেন শামি। দলের সেমিফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। জাম্মু ও কাশ্মীরের বিপক্ষে শেষ চারের ম্যাচে প্রথম ইনিংসে ৯০ রান দিয়ে নেন আট উইকেট, যা প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ক্যারিয়ারসেরা বোলিং।

নতুন মৌসুমেও দিল্লির বিপক্ষে প্রথম ইনিংসে চারটিসহ মোট পাঁচ উইকেট নিয়েছেন তিনি। জাতীয় দলে ফেরার প্রত্যয় জানিয়ে শামি বলেন, 'জাতীয় দলে ফেরার আশা সব সময়ই থাকা উচিত। যেকোনো পেশায়, যেকোনো খেলায় একটা লক্ষ্য থাকা দরকার।'

নিজের বর্তমান অবস্থা নিয়েও আত্মবিশ্বাসী শামি। তার মতে, এখনও সেরাটা দেওয়ার সামর্থ্য রয়েছে। তিনি বলেন, 'আমি এখনও নিজের সেরা অবস্থায় আছি। মিথ্যা বলার কোনো কারণ নেই। আমি যেমনই থাকি না কেন, এখনও নিজের সেরা অবস্থায় আছি।'

এদিকে শামির সমবয়সী ভুবনেশ্বর কুমার প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরেছেন। ভুবনেশ্বরের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে শামি মনে করেন, আরও আগেই দলে ফেরার যোগ্যতা অর্জন করেছেন এই পেসার। তবে নিউজিল্যান্ড সফরে ভারতের কোনো সংস্করণের দলেই জায়গা না পাওয়া নিয়ে হতাশায় ডুবে থাকতে চান না তিনি।

দলে সুযোগ পাওয়া নিজের হাতে নেই, তাই আপাতত ঘরোয়া ক্রিকেটেই মনোযোগ রাখতে চান শামি। এ প্রসঙ্গে তার বক্তব্য, 'এটা হতাশার কোনো বিষয় নয়। গত বছরও আমি পুরো ঘরোয়া মৌসুম খেলেছি। সব ম্যাচেই খেলেছি। আমার লক্ষ্য একই। যত বেশি সম্ভব খেলা।'

আরো পড়ুন: