নতুন ব্যাটিং পজিশন নিয়ে মুখ খুললেন তিলক

ভারত ক্রিকেট
তিলক ভার্মা, ফাইল ফটো
তিলক ভার্মা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
একসময় ভারতের টি-টোয়েন্টি দলে তিন নম্বরে ব্যাটিং করা প্রায় নিশ্চিত ছিল তিলক ভার্মার। তবে ইশান কিশানের ধারাবাহিক পারফরম্যান্সে ব্যাটিং অর্ডারে পিছিয়ে যেতে হয়েছে তাকে। এখন পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করতে হচ্ছে তিলককে। নতুন ভূমিকায় পুরোপুরি পছন্দ না হলেও দলের প্রয়োজনে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন বাঁহাতি এই ব্যাটার।

সম্প্রতি নিজের নতুন ভূমিকা নিয়ে মুখ খোলেন তিলক। তিন নম্বর থেকে আচমকা পাঁচ বা ছয়ে নেমে আসা যে সহজ নয়, তা স্বীকার করেছেন তিনি। তবে দলের হয়ে ম্যাচ জেতানোই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিলক বলেন, 'তিন থেকে আচমকা পাঁচ-ছয়ে নেমে যাওয়া সহজ নয়। বেশ কঠিন। তবে সেটা নিয়ে কাজ করছি। কী ভাবে ম্যাচ শেষ করতে পারি, সেটা নিয়ে ভাবছি। দেশের হয়ে ম্যাচ জেতাতে পারলে ভালো লাগে। কাজটা আমি পছন্দ করি। তবে ব্যক্তিগত ভাবে তিনে নেমে ম্যাচ শেষ করতে পারলেই বেশি ভালো লাগবে।'

ইশানের ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই যে আপাতত নিচের দিকে ব্যাট করতে হচ্ছে, সেটাও মেনে নিয়েছেন তিলক। তিনি বলেন, 'দুর্ভাগ্যবশত এখন পাঁচ-ছয়ে ব্যাট করতে হচ্ছে। এটাই দলের সমন্বয়। তিনে নেমে অসাধারণ খেলছে ইশান। তাই পাঁচ-ছয়ে ব্যাট করা ছাড়া আমার হাতে এখন কোনও বিকল্প নেই। মানসিকভাবে নিজেকে প্রস্তুতও করে ফেলেছি।'

নতুন পজিশনে ব্যাট করেও দলকে জেতাতে পারছেন বলে আত্মবিশ্বাসী তিলক। তার বিশ্বাস, নিয়মিত সুযোগ পেলে এই ভূমিকাতেও সফল হতে পারবেন। দলের প্রয়োজনে ইনিংসের শেষ দিকে দ্রুত রান তোলার দায়িত্ব নিতে প্রস্তুত তিনি।

তিলক আরো জানান, তিন নম্বর ও পাঁচ-ছয়- দুই জায়গাতেই ব্যাট করার জন্য নিজেকে তৈরি রাখছেন। ব্যক্তিগত পছন্দের চেয়ে দলের প্রয়োজনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

আরো পড়ুন: