নিজ খরচে ৫ নেট বোলার নিয়ে আগেভাগেই নিউজিল্যান্ডে গিল

নিউজিল্যান্ড-ভারত সিরিজ
শুভমান গিল, ফাইল ফটো
শুভমান গিল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না শুভমান গিল। এ কারণে পাঁচ জন নেট বোলারকে সঙ্গে নিয়ে আগেভাগেই নিউজিল্যান্ড যাচ্ছেন ভারতের অধিনায়ক। তাদের যাতায়াত, থাকা-খাওয়া ও পারিশ্রমিকের পুরো খরচ বহন করবেন গিল নিজেই।

বিদেশ সফরে ভারতীয় ব্যাটারদের অনুশীলনের জন্য সাধারণত আয়োজক দেশ থেকেই নেট বোলারের ব্যবস্থা করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তবে এবার সেই ব্যবস্থার বাইরে গিয়ে নিজের পছন্দের পাঁচ বোলারকে সঙ্গে নিচ্ছেন গিল। বিসিসিআইয়ের এমন উদ্যোগ বিরল, বিশেষ করে অধিনায়কের নিজের খরচে পুরো আয়োজন করার ঘটনা।

সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, 'অদ্ভুত ঘটনা। গিল ভারত ‘এ’ দলের হয়ে খেলছে না। তাকে আবার এক দিনের সিরিজও খেলতে হবে। সে ২৩-২৪ অক্টোবর নিউজিল্যান্ড চলে যাচ্ছে। সঙ্গে পাঁচ জন নেট বোলার নিয়ে যাচ্ছে। টেস্ট সিরিজের জন্য আগে থেকে তৈরি থাকতে চাইছে গিল।'

ইংল্যান্ড সফরে টেস্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই নজর কেড়েছিলেন গিল। পাঁচ টেস্টে ৭৫৪ রান করে ব্যাট হাতে দারুণ সাফল্য পেয়েছিলেন তিনি। ইংল্যান্ডের কঠিন পরিবেশেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ভারতের অধিনায়ক। এবার নিউজিল্যান্ডের মাটিতেও সেই ছন্দ ধরে রাখাই তার লক্ষ্য।

ভারতের জন্য আসন্ন টেস্ট সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে হলে সামনের সাতটি টেস্টে ভালো ফল করতে হবে দলকে। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত।

এই গুরুত্বপূর্ণ সূচির কথা মাথায় রেখেই আগেভাগে প্রস্তুতি শুরু করতে চাইছেন গিল। নিউজিল্যান্ডের পরিবেশ ও বোলিং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বাড়তি সময় পাবেন তিনি। এক দিনের সিরিজের ব্যস্ততার মধ্যেও টেস্টের প্রস্তুতিতে যেন ঘাটতি না থাকে, এ কারণেই এই উদ্যোগ।

আরো পড়ুন: