অভিষেকের বিধ্বংসী ব্যাটিংয়ের কৃতিত্ব যুবরাজকে দিলেন কার্তিক

ভারত ক্রিকেট
যুবরাজ সিং ও অভিষেক শর্মা, ফাইল ফটো
যুবরাজ সিং ও অভিষেক শর্মা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রতি ম্যাচেই রেকর্ড গড়ছেন অভিষেক শর্মা। ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩০ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন ভারতের এই ওপেনার। এই বিধ্বংসী ইনিংসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র এক হাজার ২৪ বলে দুই হাজার রান পূর্ণ করার রেকর্ডও গড়েছেন তিনি। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার কীর্তিও গড়েছেন অভিষেক।

কিছুদিন আগেও বড় ইনিংস খেলে ধারাবাহিকতা ধরে রাখতে পারতেন না অভিষেক। একটি ম্যাচে রান করার পর পরের ম্যাচগুলোতে ব্যর্থ হতেন তিনি। তবে সেই ছবিটা এখন বদলে গিয়েছে। নিয়মিত বড় রান করার পাশাপাশি একই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করছেন ভারতের এই ওপেনার। তার এমন বদলের কারণ ব্যাখ্যা করেছেন ভারতের সাবেক উইকেটরক্ষক দীনেশ কার্তিক।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ়’কে দেয়া সাক্ষাৎকারে কার্তিক বলেন, 'অভিষেক দুর্দান্ত এক ওপেনার। যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে ও আক্রমণ করার ক্ষমতা রাখে। এ রকম ওপেনার ভারতীয় ক্রিকেটে অনেক দিন আসেনি।'

অভিষেকের দক্ষতা ও ধারাবাহিকতার প্রশংসা করে তিনি আরও বলেন, 'তার স্কিল রয়েছে। সব দিকে শট খেলতে পারে। পাশাপাশি এখন সে ধারাবাহিকভাবে রান করছে। একই স্ট্রাইক রেটে এ ভাবে রান করা কঠিন। সেই কারণেই সে বাকিদের থেকে আলাদা।'

কার্তিকের মতে, অভিষেকের ব্যাটিংয়ে বড় পরিবর্তন এসেছে শুরুর দিকে বল বুঝে খেলার অভ্যাসে। আগে প্রথম বল থেকেই আক্রমণ করতে চাইতেন ভারতের এই ওপেনার। এখন প্রথম কয়েকটি বল দেখে পিচের আচরণ বোঝার চেষ্টা করেন। তার পর নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। এই পরিবর্তনই তাকে আরও বিপজ্জনক করে তুলেছে বলে মনে করেন কার্তিক।

অভিষেকের ব্যাটিংয়ের এই পরিবর্তন নিয়ে কার্তিক বলেন, 'সে প্রথম কয়েকটা বল দেখে। পিচ বোঝার চেষ্টা করে। তারপর নিজের স্বাভাবিক শট মারতে শুরু করে। আগে প্রথম বল থেকেই চালাতে যেত। বল দেখে খেলার প্রবণতা ওকে আরও বিধ্বংসী করে তুলেছে।'

অভিষেকের আত্মবিশ্বাস ও খেলার ধরনে তার গুরু যুবরাজ সিংয়ের প্রভাবও দেখছেন কার্তিক। তার মতে, সেরাদের কাছ থেকে শেখার সুযোগ পেয়েছেন অভিষেক। সেই শিক্ষার ছাপ পড়েছে তাঁর ব্যাটিংয়ে।

যুবরাজের অবদানের কথা তুলে ধরে কার্তিক বলেন, 'অভিষেক সেরার কাছ থেকে শিখেছে। তার খেলার ধরন দেখলেই সেটা বোঝা যাচ্ছে। যুবি পাজি (যুবরাজ সিং) আছে বলেই অভিষেক এতটা আত্মবিশ্বাস নিয়ে খেলছে।'

আরো পড়ুন: